আবারও জোকোভিচ বনাম সোঙ্গা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইতিহাস হাতছানি দিচ্ছে নোভাক জোকোভিচকে, কিংবদন্তি পিট সাম্প্রাসের কীর্তি ছোঁয়ার। চলমান মন্ট্রিয়ল মাস্টার্স জিতলেই সাম্প্রাসের পর প্রথম এক নম্বর খেলোয়াড় হিসেবে অভিষেকেই কোনো শিরোপা জিতবেন জোকোভিচ। সর্বশেষ সেই ১৯৯৩ সালে এক নম্বর হয়েই শিরোপা জিতেছিলেন সাম্প্রাস।পরশু ফ্রান্সের গায়েল মনফিলসকে ৬-২, ৬-১ গেমে উড়িয়ে দিয়ে সেমিফাইনালে উঠেছেন জোকোভিচ। ইতিহাস গড়ায় তাঁর সামনে বাধা এখন ফেদেরারকে টানা দুই ম্যাচে হারানো জো-উইলফ্রায়েড সোঙ্গা। এই ফরাসি স্পেনের নিকোলাস আলমাগ্রোকে ৬-৪, ৬-৪ গেমে হারিয়ে নিশ্চিত করেছেন গত উইম্বলডন সেমিফাইনালের পুনরাবৃত্তি। যেখানে জিতেছিলেন জোকোভিচই। শেষ চারের অন্য লড়াইটি হবে যুক্তরাষ্ট্রের মার্ডি ফিশ ও সার্বিয়ার ইয়াঙ্কো টিপসারেভিচের মধ্যে। এএফপি, রয়টার্স।দেড় ঘণ্টারও কম সময়ে আলমাগ্রোকে হারানোর পথে ১০টি এস করেছেন সোঙ্গা। এতগুলো এস কী করে হলো সেটাও ব্যাখ্যা করেছেন, ‘আমি আজ কিছুটা ক্লান্ত ছিলাম। ওই (ফেদেরার) ম্যাচটা অনেক শক্তি কেড়ে নিয়েছে। তাই শুধু রিটার্ন গেম ও সার্ভ ধরে রাখাতেই মনোযোগ দিয়েছি। সব ম্যাচেই নিজেকে উজাড় করে দেওয়ার দরকার নেই আর আমি এভাবেই শক্তি বাঁচাই।’ওদিকে টরন্টোয় রজার্স কাপের সেমিফাইনালে উঠেছেন সেরেনা উইলিয়ামস। চোট ও অসুস্থতায় অনেক দিন খেলার মধ্যে না থাকা ছোট উইলিয়ামস ধীরে ধীরে ফিরে পাচ্ছেন নিজেকে। ফাইনালের পথে অবাছাই সেরেনার বাধা চতুর্থ বাছাই ভিক্টোরিয়া আজারেঙ্কা।