আবারও জোকোভিচের সামনে ফেদেরার!
জোকোভিচ-ফেদেরারের ভাগ্যটা বোধহয় একই সূত্রে বাঁধা পড়েছে। নইলে ফ্রেঞ্চ ওপেনের পর আবার কেন দুজন সেমিফাইনালের আগেই মুখোমুখি হবেন? গতকাল হয়ে যাওয়া উইম্বলডনের ড্রতে একই অর্ধে রয়েছেন এক নম্বর বাছাই নোভাক জোকোভিচ ও তিন নম্বর বাছাই রজার ফেদেরার। নিজের প্রিয় কোর্টে নামার আগে ফেদেরারের প্রস্তুতিটা অবশ্য খুব একটা ভালো হয়নি, কয়েক দিন আগে হ্যালে ওপেনের ফাইনালে হেরে বসেছেন জার্মানির টমি হাসের কাছে। বর্তমান চ্যাম্পিয়ন জোকোভিচ অবশ্য শুরুতেই পেয়ে যাচ্ছেন সাবেক এক নম্বর হুয়ান কার্লোস ফেরেরোকে। ওদিকে ফেদেরারের প্রথম রাউন্ডের প্রতিপক্ষ অ্যালবার্ট রামোস। তবে নাদালের ভাগ্যেই মনে হয় আরেকবার শিকে ছিঁড়তে যাচ্ছে, ঘাসের কোর্টে ফাইনালের আগে প্রবল প্রতিপক্ষ হতে পারেন কেবল চতুর্থ বাছাই অ্যান্ডি মারে। নাদালের প্রথম রাউন্ডের প্রতিপক্ষ ব্রাজিলের টমাস বেলুচ্চির বিপক্ষে। মারের নিজের ড্র ভাগ্যটাও খুব একটা সুপ্রসন্ন নয়, হুয়ান মার্টিন দেল পোত্রো, মারিও সিলিচ, অ্যান্ডি রডিকরা তাঁর অর্ধেই রয়েছেন। শেষ চারে পৌঁছাতে তাঁকে বেশ কাঠখড়ই পোড়াতে হবে। এদিকে ২০০৪ সালের চ্যাম্পিয়ন ও এবার এক নম্বর বাছাই মারিয়া শারাপোভার প্রথম ম্যাচের প্রতিপক্ষ রুশ বংশোদ্ভূত অস্ট্রেলিয়ার আনাস্তাসিয়া রোডিওনোভার সঙ্গে। বর্তমান চ্যাম্পিয়ন ও চতুর্থ বাছাই পেত্রা কেভিতোভাকে খেলতে হবে আকগুল আমানমুরাদোভার বিপক্ষে। তবে প্রথম রাউন্ডের সবার নজর নিশ্চিতভাবেই থাকবে সাবেক দুই নম্বর কিম ক্লাইস্টার্সের সঙ্গে সাবেক এক নম্বর ইয়েলেনা ইয়াঙ্কোভিচের ম্যাচের ওপর। এবারের উইম্বলডন শেষেই অবসর নিতে যাচ্ছেন ক্লাইস্টার্স, পারবেন নিজের শেষ টুর্নামেন্টকে স্মরণীয় করে রাখতে? এএফপি।