আবারও জোড়া গোল মেসির

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আবারও সেই পুরোনো ভঙ্গিতেই দেখা যাচ্ছে লিওনেল মেসিকে। ছবি: রয়টার্স
আবারও সেই পুরোনো ভঙ্গিতেই দেখা যাচ্ছে লিওনেল মেসিকে। ছবি: রয়টার্স

ব্যালন ডি’অর না পাওয়ার আক্ষেপটা মাঠে ভালোমতোই ঘুচিয়ে দিচ্ছেন লিওনেল মেসি। ইনজুরি কাটিয়ে মাঠে ফিরেই করেছিলেন জোড়া গোল। গতকাল গেটাফের বিপক্ষে কোপা দেল রের দ্বিতীয় লেগের খেলায়ও জোড়া গোল করেছেন এই আর্জেন্টাই তারকা। বার্সেলোনাও পেয়েছে ২-০ গোলের জয়। গেটাফের বিপক্ষে দুই লেগ মিলিয়ে ৬-০ গোলের জয় দিয়ে কোপা দেল রের কোয়ার্টার ফাইনালে চলে গেছে কাতালানরা।
ইনজুরি কাটিয়ে ন্যু ক্যাম্পে ফেরার পর গতকালই প্রথমবারের মতো শুরু থেকে মাঠে ছিলেন মেসি। সঙ্গে পেয়েছিলেন ব্রাজিলিয়ান তারকা নেইমারকেও। কিন্তু ২৫ মিনিটের মাথায় পা মচকে মাঠ ছাড়তে হয়েছে নেইমারকে। তাতে অবশ্য জয় আটকায়নি বার্সেলোনার। ৪৪ মিনিটে গেটাফের জালে প্রথমবারের মতো বল জড়িয়ে দেন মেসি। দ্বিতীয়ার্ধের ৬৩ মিনিটে আরও একটি দৃষ্টিনন্দন গোল উপহার দিয়ে দলের জয় নিশ্চিত করেছেন এ সময়ের অন্যতম সেরা এই ফুটবলার। 
তবে বার্সেলোনার জয়ের মধ্যেও দুঃসংবাদ হয়ে এসেছে নেইমারের ইনজুরি। যদিও ম্যাচ শেষে সমর্থকদের আশার বাণীই শুনিয়েছেন কোচ জেরার্ডো মার্টিনো। মাত্র ২৫ মিনিটের মাথায় স্ট্রেচারে করে মাঠ ছাড়তে হলেও নেইমারের ইনজুরিটা খুব বেশি গুরুতর নয় বলেই জানিয়েছেন এই আর্জেন্টাইন কোচ, ‘যতটা গুরুতর মনে হয়েছিল, নেইমারের ইনজুরিটা ততখানি গুরুতর নয়। মনে হয় সে খুব দ্রুতই আবার মাঠে ফিরতে পারবে।’
বার্সেলোনার জয়ের রাতে ক্যারিয়ারের গুরুত্বপূর্ণ একটি মাইলফলক স্পর্শ করেছেন কাতালানদের মাঝমাঠের মধ্যমণি জাভি। দ্বিতীয়ার্ধে বদলি হিসেবে নেমে তিনি স্পর্শ করেছেন বার্সেলোনার হয়ে ৭০০তম ম্যাচ খেলার মাইলফলক।— রয়টার্স