আবারও জোড়া গোল রোনালদোর

চ্যাম্পিয়নস লিগে একের পর এক গোল করেই চলেছেন ক্রিস্টিয়ানো রোনালদো। প্রথম ম্যাচে শুরুটা করেছিলেন হ্যাটট্রিক দিয়ে। এরপর টানা দুই ম্যাচে করলেন জোড়া গোল। গতকাল পর্তুগিজ এই তারকার করা দুই গোলের সুবাদেই ইতালিয়ান জায়ান্ট জুভেন্টাসকে ২-১ গোলে হারিয়েছে রিয়াল মাদ্রিদ। টানা তিন ম্যাচেই জয় দিয়ে ‘বি’ গ্রুপে পয়েন্ট তালিকার শীর্ষস্থানটাও ধরে রেখেছেন কার্লো আনচেলত্তির শিষ্যরা।
নিজেদের মাঠে গতকাল শুরুতেই এগিয়ে গিয়েছিল রিয়াল মাদ্রিদ। মাত্র চার মিনিটের মাথায় ডি মারিয়ার পাস থেকে বল পেয়ে জুভেন্টাসের জালে বল জড়িয়ে দিয়েছিলেন রোনালদো। ২১ মিনিটের মাথায় খেলায় সমতা ফেরান ফার্নান্দো লরেন্তে। খুব বেশিক্ষণ অবশ্য এই সমতা ধরে রাখতে পারেনি জুভেন্টাস। সাত মিনিট পরেই পেনাল্টি থেকে নিজের দ্বিতীয় গোলটি করে দলকে আবারও এগিয়ে দেন রোনালদো। ২-১ ব্যবধানে এগিয়ে থেকেই প্রথমার্ধ শেষ করে রিয়াল।
দ্বিতীয়ার্ধের শুরুতেই রোনালদোকে ফাউলের দায়ে সরাসরি লালকার্ড দেখে মাঠ ছাড়েন জুভেন্টাসের ডিফেন্ডার জর্জিও চেলিনি। ১০ জনের দল নিয়ে বাকি সময়টায় আর গোল শোধ করতে পারেনি জুভেন্টাস।
গতকাল চ্যাম্পিয়নস লিগের অপর খেলায় ভিক্টোরিয়া প্লাজেনের বিপক্ষে ৫-০ গোলের বড় ব্যবধানের জয় পেয়েছে গতবারের শিরোপাজয়ী বায়ার্ন মিউনিখ। জার্মানির আরেক শীর্ষ ক্লাব লেভারকুসেনও জিতেছে বড় ব্যবধানে। ইউক্রেনের ক্লাব শাখতার দোনেস্ককে তারা হারিয়েছে ৪-০ গোলে।
জয়ের দেখা পেয়েছে ইংল্যান্ডের শীর্ষ সারির দুই ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড ও ম্যানচেস্টার সিটি। সার্জিও অ্যাগুয়েরোর জোড়া গোলের সুবাদে ম্যানচেস্টার সিটি সিএসকেএ মস্কোকে হারিয়েছে ২-০ গোলে। অন্যদিকে ম্যানচেস্টার ইউনাইটেড নিজেদের মাঠে রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে জিতেছে ১-০ গোলে।