আবারও জয় আনলেন মেয়েরা

দুদিন আগে শ্রীলঙ্কাকে হারানোর সুখস্মৃতি সজীব থাকতেই আবারও জয় নিয়ে এলেন বাংলাদেশের মেয়েরা। সিলেটে টি-টোয়েন্টি বিশ্বকাপে নবম স্থান নির্ধারণী ম্যাচে আয়ারল্যান্ডকে ১৭ রানে হারিয়ে শেষটা ভালোই হলো বাংলাদেশের।
টসে জিতে প্রথমে ব্যাট করে দুই ওপেনার মোটামুটি ভালো শুরু এনে দেন বাংলাদেশকে। নির্ধারিত ২০ ওভারে বাংলাদেশের সংগ্রহ দাঁড়ায় ৭ উইকেটে ১০৬। দলের পক্ষে সর্বোচ্চ ৩৫ করেন শারমিন আকতার। এ ছাড়া রুমানা আহমেদের ১৬ ও আয়েশা রহমানের ১২ রান উল্লেখযোগ্য।
১০৭ রানের লক্ষ্যে খেলতে নেমে শুরু থেকেই আয়ারল্যান্ডের নিয়মিত উইকেট পতনের মিছিল। বাংলাদেশের মেয়েদের বোলিং আক্রমণের সামনে মাথা তুলেই দাঁড়াতে পারেননি আইরিশ মেয়েরা। প্রতিপক্ষকে ঘায়েল করতে গত ম্যাচের মতো এবারও পান্না ঘোষ ছিলেন সবার চেয়ে এগিয়ে। গত ম্যাচের মতো এ দিনও ডানহাতি বোলার পান্না তুলে নেন ৩ উইকেট। আয়ারল্যান্ডের ইনিংস থামে ১৯.৩ ওভারে ৮৯ রানে। বাংলাদেশ পায় ১৭ রানের জয়। ম্যাচ সেরা পান্না।