আবারও ঝলসে উঠলেন রোনি
বেলো হরিজেন্তের দুই ক্লাব অ্যাটলেটিকো মিনেইরো ও ক্রুজেরো। ডার্বি ম্যাচ বলে স্বাভাবিকভাবেই ছিল বাড়তি উত্তেজনার আঁচ। খেলোয়াড়দের মধ্যেও সংক্রমিত হয় সেই উত্তেজনা! পরশু ঘটনাবহুল এই ম্যাচে দুই দলের তিনজন খেলোয়াড়কে দেখতে হয়েছে লাল কার্ড। তবে সবকিছু ছাপিয়ে আবারও স্বমহিমায় উদ্ভাসিত হয়েছেন রোনালদিনহো, একক প্রচেষ্টায় করেছেন দুর্দান্ত একটি গোল। ‘রোনি’র গোলেই ২-১-এ এগিয়ে যায় মিনেইরো। তবে শেষমেশ একজন কম নিয়ে আর প্রতিবেশীদের সঙ্গে পেরে উঠতে পারেনি মিনেইরো। অতিরিক্ত সময়ে মাতেউসের নাটকীয় এক গোলে খেলায় সমতা ফেরায় ক্রুজেরো। খেলাটাও শেষ হয় ২-২ গোলে।মিলানের দুই দলের মতো ইনদিপেন্দেন্সিয়া স্টেডিয়ামটা ভাগাভাগি করে দুই দলই। এ ম্যাচে ক্রুজেরোই ছিল স্বাগতিক। কিন্তু সহিংসতার আশঙ্কায় কেবল ক্রুজেরো সমর্থকেরাই মাঠে ঢোকার অনুমতি পায়। তবে তাতেও লাভ হয়নি খুব একটা। সমর্থকদের বোতল আর আবর্জনা ছুড়ে মারা থেকেও নিবৃত্ত করা যায়নি। পরে মিনেইরোর বার্নার্ড ও ক্রুজেরোর লিয়ান্দ্রো গুরেইরো একসঙ্গে মাঠের বাইরে চলে গেলে পরিস্থিতি অনেকটা নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। খেলাও বন্ধ থাকে ১০ মিনিটের জন্য। ফের খেলা শুরুর পর মিনেইরোর পিয়েরে দুই হলুদ কার্ড পেলে ১০ জনের দলে পরিণত হয় তারা। এই ড্রয়ের পরও শীর্ষস্থানটা অক্ষুণ্নই আছে রোনালদিনহোর দলের। রয়টার্স।