আবারও টেস্ট দলে জায়গা হারালেন যুবরাজ
দীর্ঘদিন পর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ভারতের টেস্ট দলে জায়গা পেয়েছিলেন যুবরাজ সিং। কিন্তু প্রত্যাবর্তনটা খুব একটা ভালো হয়নি এই বাঁহাতি ব্যাটসম্যানের। প্রথম দুটি টেস্টের তিন ইনিংসে তাঁর ব্যাট থেকে এসেছে মাত্র ৬৬ রান। ফলে নজরকাড়া পারফরমেন্স দেখাতে না পারায় আবারও টেস্ট দলে নিজের জায়গাটা হারিয়ে ফেলেছেন যুবরাজ সিং। উইন্ডিজের বিপক্ষে তৃতীয় ও শেষ টেস্টে তাঁর বদলে দলে দেখা যেতে পারে রোহিত শর্মাকে।সাম্প্রতিক সময়ে ভারতের ঘরোয়া ক্রিকেটে দুর্দান্ত ব্যাটিং করেছেন রোহিত শর্মা। রঞ্জি ট্রফির শেষ দুটি ম্যাচেই সেঞ্চুরি করেছেন এই ডানহাতি ব্যাটসম্যান। এই পারফরমেন্সের ফলেই হয়তো এবার টেস্ট ক্রিকেটে অভিষেক হয়েও যেতে পারে রোহিত শর্মার। তবে বিরাট কোহলি ও আজিনকা রেহানেকেও তাঁর শক্ত প্রতিদ্বন্দ্বী হিসেবে বিবেচনা করা হচ্ছে। প্রথম দুটি টেস্টের মতো এবারও নির্বাচকদের কাছ থেকে ইতিবাচক সাড়া পাননি হরভজন সিং।ভারতীয় দল: মহেন্দ্র সিং ধোনি, বীরেন্দর শেবাগ, গৌতম গম্ভীর, রাহুল দ্রাবিড়, শচীন টেন্ডুলকার, ভিভিএস লক্ষণ, রোহিত শর্মা, ইশান্ত শর্মা, রবিচন্দ্রন অশ্বিন, প্রজ্ঞান ওঝা, উমেশ যাদব, বিরাট কোহলি, আজিনকা রেহানে, রাহুল শর্মা, বরুণ অরুণ।