নাসের হুসেইনের কথাটা পছন্দ হয়েছে সাকিব আল হাসানের। লর্ডস টেস্টের পিচ রিপোর্টের সময় নাকি সাবেক ইংল্যান্ড অধিনায়ক রসিকতা করে বলেছিলেন, ‘ইংল্যান্ডে এসে উইকেট দেখে লাভ নেই। ওপরের (আকাশ দেখিয়ে) দিকে দেখো।’ইংল্যান্ডে সবকিছুরই নিয়ন্ত্রক আবহাওয়া। সকালে আপনি ঘর থেকে কী পোশাকে বের হবেন, সেটা থেকে শুরু করে টেস্ট ম্যাচের একাদশ—আকাশের দিকে না তাকিয়ে কোনোটা করাই মুশকিল। ম্যানচেস্টারের আবহাওয়ার কথাই ধরুন। গত দুই দিন বেশ চনমনে রোদ। কিন্তু আবহাওয়ার পূর্বাভাস বলছে, ওল্ড ট্রাফোর্ডে আজ থেকে শুরু দ্বিতীয় ও শেষ টেস্টের তৃতীয়-চতৃর্থ দিন ভালোই বৃষ্টির সম্ভাবনা এখানে।তবে আবহাওয়া-টাওয়া নয়, লর্ডসের মতো ওল্ড ট্রাফোর্ড টেস্টেও সবচেয়ে বড় দুশ্চিন্তা তামিম ইকবালকে ঘিরে। হাতের ব্যথার কারণে অনেক শঙ্কা পাড়ি দিয়ে তারপর খেলেছেন লর্ডস টেস্ট। এখানেও অবস্থা সে রকমই মনে হচ্ছে। হাত থেকে ব্যথা এবার বুকের পাঁজরে। লর্ডসে ফিল্ডিংয়ের সময় ডাইভ দিতে গিয়ে বলের আঘাত লেগেছে বুকে। আঘাতের জায়গা কালো হয়ে আছে, ব্যথাও হচ্ছে বেশ। কাল নেট প্র্যাকটিসে ব্যাটিং করতে গিয়ে ব্যথা আরও তীব্র হওয়াতে ওল্ড ট্রাফোর্ডে খেলাটাই অনিশ্চিত হয়ে পড়েছে তামিমের। তামিম নাকি দলকে জানিয়েও দিয়েছেন তাঁর পক্ষে এই টেস্টে খেলা সম্ভব নয়! তবে টিম ম্যানেজার তানজীব আহসান জানিয়েছেন, আজ সকাল পর্যন্ত অপেক্ষার পর নিশ্চিত হওয়া যাবে তামিম ওল্ড ট্রাফোর্ডে খেলবেন কি না। তার আগে কাল রাতে স্থানীয় এক চিকিৎসকের সঙ্গেও দেখা করার কথা ছিল তাঁর।প্রথম একাদশ নির্বাচন এখন তামিমের ওপর নির্ভর করলেও এই টেস্টে কিছু পরিবর্তনের সম্ভাবনা আগে থেকেই ছিল। পেসার রবিউল ইসলামের জায়গায় শফিউল ইসলাম, উইকেটে স্পিন ধরবে মনে হলে রুবেল হোসেনকেও বসিয়ে দলে আনা হবে বাঁহাতি স্পিনার আবদুর রাজ্জাককে। অধিনায়ক সাকিব আল হাসান ওল্ড ট্রাফোর্ডে একজন বাড়তি স্পিনার খেলানোর পক্ষে যুক্তিও দিলেন, ‘এখানে গত তিন-চারবারের পাঁচ উইকেট পাওয়া বোলাররা সবাই স্পিনার। এটা একটা বাড়তি সুবিধা। নেটের উইকেটের মতো উইকেট হলে হয়তো দুই স্পিনারই যাব। তার পরও দেখা যাক....শুরুটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।’ লর্ডসের দ্বিতীয় ইনিংসে পেসারদের ব্যর্থতাও স্পিনারদের দিকে ঝোঁকার একটা কারণ হতে পারে। তবে এ ম্যাচের আগে কোচ জেমি সিডন্স পেস বোলারদেরও নিয়ে যথেষ্ট ভাবছেন। পরশু অনুশীলনে নিজে বেশ কিছুটা সময় কাটিয়েছেন পেসারদের সঙ্গে, কাল তো স্থানীয় একটা একাডেমি থেকে একজন বোলিং কোচই আনিয়ে নিলেন। এই কোচের সঙ্গে অস্ট্রেলিয়াতেই পরিচয় সিডন্সের, পূর্ব পরিচয়ের সূত্র ধরেই সিডন্সের বোলারদের সাহায্য করতে এগিয়ে এসেছেন স্থানীয় ইংলিশ কোচ।বাংলাদেশের একাদশ নির্বাচনে যেমন কাজ করছে ‘তামিম-ফ্যাক্টর’, ইংল্যান্ডের ক্ষেত্রে সেটা অভিজ্ঞ আর অনভিজ্ঞের প্রতিযোগিতা। ইনজুরিতে পড়ে টিম ব্রেসনান দল থেকে বেরিয়ে গেলেও তাঁর জায়গায় আজ দলে আসা রায়ান সাইডবটম খেলবেন, না টেস্ট অভিষেক হবে আজমল শেহজাদের; সেটা কালও নিশ্চিত না করে দুজনেরই সম্ভাবনা দেখিয়েছেন অধিনায়ক অ্যান্ড্রু স্ট্রাউস, ‘সাইডবটম বাঁহাতি ব্যাটসম্যনাদের বিপক্ষে ভালো, অন্যদিকে ভালো করার সম্ভাবনা আছে বলেই দলে নেওয়া হয়েছে আজমল শেহজাদকে। কাজেই অভিজ্ঞতার সঙ্গে তারুণ্যের প্রতিযোগিতার আশা করছি আমরা।’এই প্রতিযোগিতাটা কি বাংলাদেশ আর ইংল্যান্ডের মধ্যেও নয়? উত্তরটা, হ্যাঁ, স্ট্রাউস তার পরও হালকাভাবে নিতে রাজি নন বাংলাদেশকে। তাঁর কাছে এই টেস্টেও জয়টাই প্রত্যাশিত। তবে বাংলাদেশের বিপক্ষে সেই জয় কেউ থালায় সাজিয়ে নিয়ে আসবে, এমনটা আশা করেন না ইংল্যান্ড অধিনায়কও।