আবারও নাদালের কাছে হারলেন ফেদেরার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাফায়েল নাদাল
রাফায়েল নাদাল

প্রথম সেটটা জিতে শুরুটা ভালোভাবেই করেছিলেন রজার ফেদেরার। কিন্তু দুর্দান্ত ফর্মে থাকা রাফায়েল নাদালের কাছে শেষ পর্যন্ত হারই মানতে হয়েছে গতবারের শিরোপাজয়ীকে। সিনসিনাটি মাস্টার্সের কোয়ার্টার ফাইনালে ৫-৭, ৬-৪, ৬-৩ গেমে জিতে শেষ চারে পা রেখেছেন নাদাল। সেমিফাইনালে তাঁর প্রতিপক্ষ চেকস্লোভাকিয়ার টমাস বার্ডিচ।
এখন পর্যন্ত ১২টি গ্রান্ড স্ল্যাম জিতলেও সিনসিনাটি মাস্টার্সের শিরোপাটা অধরাই থেকে গেছে নাদালের। আর এবার তিনি পাচ্ছেন এই আক্ষেপ ঘোচানোর সুবর্ণ সুযোগ। কারণ অঘটনের শিকার হয়ে কোয়ার্টার ফাইনাল থেকেই বিদায় নিয়েছেন শীর্ষ দুই তারকা নোভাক জকোভিচ ও অ্যান্ডি মারে। জকোভিচ ৭-৬ (৭/৫), ৩-৬, ৭-৫ গেমে হেরেছেন যুক্তরাষ্ট্রের জন ইসনারের কাছে। আর মারেকে হারের স্বাদ দিয়েছেন বার্ডিচ। আর নাদাল তো বিদায়ই করে দিলেন টুর্নামেন্টটির বর্তমান চ্যাম্পিয়ন ফেদেরারকে।
মাত্র কয়েক দিন আগেই রজার্স কাপ জিতে সিনসিনাটি মাস্টার্স শুরু করেছিলেন নাদাল। অন্যদিকে ফেদেরার ভুগছিলেন পিঠের সমস্যায়। সেই বিবেচনায় আজকের ম্যাচেও কিছুটা এগিয়েই ছিলেন নাদাল। তার পরও প্রথম সেটটা জিতে ভিন্ন কিছুরই ইঙ্গিত দিয়েছিলেন ফেদেরার। যদিও এরপর আর কোনোই সুযোগ পাননি এই সুইস তারকা। টানা দুইটি সেটেই পরাস্ত হয়েছেন নাদালের কাছে।
এ বছরে এখন পর্যন্ত তিনবার নাদালের মুখোমুখি হয়ে একটি ম্যাচেও জিততে পারেননি ফেদেরার। শুরুটা হয়েছিল ইন্ডিয়ান ওয়েলস মাস্টার্স দিয়ে। সেখানেও কোয়ার্টার ফাইনালে হারের মুখ দেখেছেন ফেদেরার। এরপর রোম মাস্টার্সেও আধিপত্য ধরে রেখেছেন নাদাল। সেবার জিতেছিলেন ফাইনালে।
দুজনের মুখোমুখি লড়াইয়ের পরিসংখ্যানেও নাদালের আধিপত্য। ৩১ বারের মুখোমুখিতে নাদালই জিতেছেন ২১ বার! রয়টার্স।