আবারও নাদালের প্রতিশোধ
গত বছর রোম মাস্টার্সের ফাইনালে রাফায়েল নাদালকে হারিয়ে শিরোপা জিতেছিলেন নোভাক জকোভিচ। কিন্তু এবার প্রতিশোধটা বেশ ভালোমতোই নিয়েছেন এই স্প্যানিশ তারকা। আজ টেনিসের ১ নম্বর তারকাকে ৭-৫, ৬-৩ সেটে হারিয়ে ষষ্ঠবারের মতো রোম মাস্টার্সের শিরোপা জিতেছেন নাদাল। আর এই জয় দিয়ে রজার ফেদারারের কাছে হারানো টেনিস র্যাঙ্কিংয়ের দ্বিতীয় স্থানটিও পুনরুদ্ধার করলেন নাদাল।বৃষ্টির বাধায় গতকাল অনুষ্ঠিত হতে পারেনি ফাইনালটি। আজ জকোভিচকে হারিয়ে শিরোপা জিততে খুব একটা কষ্ট করতে হয়নি নাদালকে। ছোটখাটো কিছু ভুল করলেও সহজেই ৭-৫, ৬-৩ গেমের জয় দিয়ে শিরোপা জয়ের স্বাদ পেয়েছেন এ সময়ের অন্যতম সেরা এই টেনিস তারকা। এই শিরোপা জয়টা কয়েক দিন পর থেকে শুরু হতে যাওয়া ফ্রেঞ্চ ওপেনের প্রস্তুতির জন্যও নাদালকে বেশ আত্মবিশ্বাস জোগাবে। তবে এই হারের পরও খুব বেশি ভেঙে পড়ছেন না নোভাক জকোভিচ। এই হারটা ফ্রেঞ্চ ওপেনে খুব বেশি প্রভাব ফেলবে না বলেই মনে করছেন এই সার্বিয়ান টেনিস তারকা। ম্যাচ শেষে তিনি বলেছেন, ‘যদিও নাদাল ম্যাচটা সরাসরি সেটেই জিতেছে, তার পরও এটা অনেক প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ছিল। তাঁর বিপক্ষে একটা সুযোগ হাতছাড়া করলেই ম্যাচ জেতা যায় না। কিন্তু তার পরও আশা করছি, ‘আমি বেশ আত্মবিশ্বাস নিয়েই প্যারিসে যেতে পারব।’গত বছর টানা সাতটি ম্যাচে রাফায়েল নাদালকে হারিয়ে টেনিস র্যাঙ্কিংয়ের শীর্ষস্থানটা দখল করেছিলেন নোভাক জকোভিচ। তবে এবার যেন এর প্রতিশোধ নেওয়ারই আয়োজন করছেন নাদাল। গত মাসে মন্টে কার্লোর ফাইনালে জকোভিচকে হারিয়ে শিরোপা জেতেন তিনি। আজ রোম মাস্টার্সেও ঘটল একই ঘটনার পুনরাবৃত্তি। এখন ফ্রেঞ্চ ওপেনের শিরোপাটা হাতে তুলতে পারলেই র্যাঙ্কিংয়ের শীর্ষস্থানটা পুনরুদ্ধার করতে পারবেন এই স্প্যানিশ তারকা। রয়টার্স।