আবারও পুরোনো জায়গায় ভারোত্তোলকেরা
অবশেষে অনুশীলন করার জন্য পুরোনো জায়গাটি ফিরে পেল ভারোত্তোলক দল। গত সপ্তাহে জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) পুরোনো সভাকক্ষ থেকে ‘বিতাড়িত’ এই দলটি কাল থেকে আবারও সেখানে অনুশীলন শুরু করেছে। কোচ কাজল দত্ত জানিয়েছেন, ‘আমরা এখনো আনুষ্ঠানিকভাবে কোনো কাগজপত্র হাতে পাইনি। তবে মৌখিকভাবেই আমাদের এনএসসি থেকে জানিয়ে দেওয়া হয়েছে এশিয়ান গেমস পর্যন্ত এখানে অনুশীলন চালিয়ে যেতে পারব। আবারও হয়তো আমাদের ফেডারেশনের জিমনেসিয়ামেই ফিরতে হবে।’ভারোত্তোলনে জাতীয় চ্যাম্পিয়ন মোল্লা সাবিরা অবশ্য এই অস্থায়ী ঠিকানায় খুশি নন, ‘আমরা চাই, আমাদের বড় একটা জিমনেসিয়াম তৈরি করে দেওয়া হোক।’ কমনওয়েলথ ও এশিয়ান গেমসের প্রস্তুতির জন্য গত সাফ গেমসের পর থেকেই এনএসসির পুরোনো সভাকক্ষে অনুশীলন করে আসছিলেন ভারোত্তোলকেরা। তবে গত ১৫ আগস্ট জাতীয় শোক দিবসের অনুষ্ঠানের পর হঠাৎ করেই এনএসসির কর্মকর্তা-কর্মচারীরা সেখানে তালা লাগিয়ে দেয়। এরপর একদিন এনএসসির বারান্দায় ও দুই দিন জিমনেসিয়ামে কারাতে ও তায়কোয়ান্দো দলের সঙ্গে অনুশীলন করেছেন ভারোত্তোলকেরা।