আবারও পুরোনো রূপে রোবেন
গত কয়েক মাস খুব একটা ভালো যায়নি আরিয়েন রোবেনের। বায়ার্ন মিউনিখের প্রথম একাদশে জায়গা নিশ্চিত ছিল না এই ডাচ উইঙ্গারের। তবে সেই বাজে সময়টা পেছনে ফেলে এসেছেন বলে দাবি করেছেন রোবেন। তাঁর এই দাবির পক্ষে অবশ্য কথা বলছে, গতকাল হামবুর্গের বিপক্ষে তাঁর দারুণ পারফরম্যান্স। হামবুর্গের বিপক্ষে তিনি গোল পেয়েছেন দুটি। দলও জিতেছে ৯-২ গোলের বিশাল ব্যবধানে।এবারের জার্মান লিগ শিরোপাটা প্রায় নিশ্চিতই হয়ে গেছে বায়ার্ন মিউনিখের। সে কারণেই বোধ হয় কোচ ইয়ুপ হেইঙ্কস দলের প্রথম একাদশে নানারকম পরিবর্তন এনেছিলেন, পরীক্ষা-নিরীক্ষা করছিলেন। কোচের এই পরিবর্তনশীল মানসিকতার কারণে মাঝে কিছুদিন বায়ার্ন মিউনিখের প্রথম একাদশে জায়গা মেলেনি আরিয়েন রোবেনের। তবে কোচের এই সিদ্ধান্তটা নিজের জন্য ও সামগ্রিকভাবে দলের জন্য ইতিবাচকই হয়েছে বলে মনে করছেন তিনি। গতকাল হামবুর্গের বিপক্ষে ৯-২ ব্যবধানের দুর্দান্ত জয়ের পর রোবেন বলেছেন, ‘সমর্থকেরা একটা অসাধারণ ম্যাচ উপভোগ করেছে। এ রকম খেলা আপনি সব সময়ই দেখবেন না। আমরা খুবই ভালো খেলেছি। কিন্তু হামবুর্গও বেশ দুর্বল ছিল। সত্যি কথা বলতে, আমরা আসলে তাদের ধরাশায়ী করেছি। ক্লাবের জন্য এটা খুবই সুসংবাদ যে, এখন আমাদের অনেক ভালো একটা দল গড়ে উঠেছে। এবং কোচ চাইলে অনেক খেলোয়াড়কে সময়মতো ব্যবহার করতে পারেন। বায়ার্নের ফুটবলাররা এখন মাঠে অনেক ভালো ছন্দ নিয়ে খেলতে পারছে। আর এটা আপনার মনোবল আরও বাড়িয়ে দেয়। আমিও এখন নিজের সেরা ফর্মটাতেই ফিরে এসেছি।’জার্মান লিগের ২৭ ম্যাচ শেষে ৭২ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে বায়ার্ন মিউনিখ। দ্বিতীয় স্থানে থাকা বুরুশিয়া ডর্টমুন্ডেরও ধরাছোঁয়ার বাইরে তারা। ডর্টমুন্ডের সঙ্গে বায়ার্নের পয়েন্টের ব্যবধান এই মুহূর্তে ২০।