আবারও পেলেকে আক্রমণ ম্যারাডোনার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পেলের সঙ্গে আবারও কথার যুদ্ধ শুরু করেছেন ডিয়েগো ম্যারাডোনা। সম্প্রতি ফিফার ওয়েবসাইটে পেলে বলেছিলেন, ‘আমি ফুটবল খেলার জন্যই জন্মেছিলাম। যেমন বিটোফেন সংগীতের জন্য আর মাইকেলেঞ্জেলো ছবি আঁকার জন্য।’ পেলের এই কথার চরম সমালোচনা করেছেন ম্যারাডোনা।আজ আল-ওয়াসলের ওয়েবসাইটে ম্যারাডোনা বলেছেন, ‘বিটোফেন! আমি কখনোই ফুটবল মাঠে বিটোফেনের তুলনা শুনিনি। সত্যি কথা হচ্ছে তারা নিশ্চয়ই পেলের ওষুধপত্র বদলে দিয়েছে।’ পাল্টা আক্রমণ করে আর্জেন্টাইন এই কিংবদন্তি আরও বলেছেন, ‘এ রকম হলে, আমি একইসঙ্গে রন উড, কেইথ রিচার্ডস আর বোনোর পূর্ণাঙ্গ সমন্বয়। কারণ, আমি ফুটবলের প্রতি প্রবল অনুরাগের মূর্ত প্রকাশ।’ সম্প্রতি মেসির সঙ্গে তাঁর ও পেলের তুলনা করা প্রসঙ্গেও কথা বলেছেন ম্যারাডোনা। তবে এখানে তিনি সরাসরি কোন উত্তর না দিয়ে বরং মেসিকে এসবের বাইরে রাখারই অনুরোধ জানিয়েছেন। তিনি বলেছেন, ‘কে সেরা, এটা আমার পক্ষে বলা সম্ভব না। আর আমি হাজারবার বলেছি মেসিকে এসবের মধ্যে না টেনে তাকে শান্তিতে থাকতে দিন।’ তবে এখানেও ব্রাজিলিয়ান কিংবদন্তি পেলেকে একটা খোঁচা মারতে ছাড়েননি আর্জেন্টিনার ১৯৮৬ বিশ্বকাপ জয়ের নায়ক। তিনি বলেছেন, ‘সবকিছুর ওপরে, ভালো ব্যাপারটা হচ্ছে, যখনই মেসি বা আমার সম্পর্কে কথাবার্তা বলা হয়, তখন সেটাতে ফিফার ওই লোকটা মোটেও খুশি হতে পারেন না যে, আমাদেরকে নিয়ে আলোচনা হচ্ছে।’—টাইমস নিউজ নেটওয়ার্ক