আবারও ফাইনাল-দুঃখ
ফাইনাল জেতার উপায় কী—হন্যে হয়ে সেই দাওয়াই-ই এখন খুঁজে বেড়াতে পারেন মারিয়া শারাপোভা। ফাইনাল-কুফা যে কাটাতেই পারছেন না রাশান তারকা! পরশু তাঁকে ৭-৫, ৬-৪ গেমে হারিয়ে মায়ামির সনি এরিকসন ওপেনের শিরোপা জিতেছেন আগ্নেওয়াস্কা রাদওয়ানস্কা। এ নিয়ে এ বছরে তিনটি টুর্নামেন্টের ফাইনালে উঠে শারাপোভা হারলেন তিনটিতেই।মায়ামির সনি এরিকসন ওপেনের ফাইনালটা যেন হয়ে উঠেছে দুর্লঙ্ঘ্য। এ নিয়ে চারবার ফাইনালে উঠে চারবারই হারলেন! অথচ এখানে একবার শিরোপা জেতাটা তাঁর শৈশবের স্বপ্ন। শুধুই টেনিসের টানে শারাপোভা সেই ছোট্ট বেলায় রাশিয়া থেকে পাড়ি জমান যুক্তরাষ্ট্রে। ভর্তি হন ফ্লোরিডার এক টেনিস স্কুলে। সেখান থেকে গাড়িতে চার ঘণ্টার পথ পাড়ি দিয়ে মায়ামির সনি এরিকসন ওপেনটা প্রতিবছরই দেখতে আসতেন শারাপোভা। সনি এরিকসন ওপেনটাই তাঁর দেখা প্রথম পেশাদার টুর্নামেন্ট। এখানে শিরোপা জেতাটা তাই তাঁর কাছে হতে পারত বিশেষ কিছু। অথচ ২০০৫, ২০০৬, ২০১১ সালের পর এবারও মায়ামির কোর্টে শারাপোভার হাতে রানারআপ ট্রফি! বছরের আগের দুটি ফাইনালেই হেরেছিলেন বিশ্বের এক নম্বর ভিক্টোরিয়া আজারেঙ্কার কাছে। সেই আজারেঙ্কা এবার কোয়ার্টার ফাইনালে বিদায় নিলে মনে হয়েছিল, মায়ামিতে ট্রফি উঁচিয়ে ধরার স্বপ্নটা বুঝি পূরণ হতে যাচ্ছে। কারণ, সামনে তো রাদওয়ানস্কা! কিন্তু বিশ্বের চার নম্বর এই পোলিশ খেলোয়াড়ই তাঁর স্বপ্ন গুঁড়িয়ে দিয়ে বছরে দ্বিতীয় শিরোপা জয়ের উৎসব করলেন। যেটি তাঁর ক্যারিয়ারের নবম ডব্লুটিএ শিরোপা। নয়বারের সাক্ষাতে শারাপোভার বিপক্ষে এটা রাদওয়ানস্কার দ্বিতীয় জয়। তবে সনি এরিকসনের শিরোপাটাকেই রাদওয়ানস্কা রাখছেন সবার ওপরে। গ্র্যান্ড স্লাম বাদে এই টুর্নামেন্টকেই যে মনে করা হয় সবচেয়ে মর্যাদাপূর্ণ টুর্নামেন্ট। অংশ নেন সব শীর্ষ তারকাই। বছরটি পোলিশ তারকার কাটছে স্বপ্নের মতো। অস্ট্রেলিয়া ওপেনের কোয়ার্টার ফাইনালের পর কাতার ওপেনের সেমিফাইনালে উঠেছিলেন। দুবাই ওপেনে তো শিরোপাই জিতেছেন। মায়ামিতে শেষ করলেন বিস্ময়কর এক দৌড়। শিরোপার পথে ছয় ম্যাচে হারেননি একটি সেটও! সাফল্যের এই ধারাটা ধরে রাখতে চান ২৩ বছর বয়সী পোলিশ মেয়ে, ‘আমি খুব খুশি যে, বছরের শুরু থেকেই আমার সেরা টেনিসটা আমি খেলতে পারছি। আশা করি, আমি এটা চালিয়ে যেতে পারব।’ আর শারাপোভা? তাঁর দৃষ্টি এখন, ক্লে-কোর্ট মৌসুমের দিকে। রয়টার্স, এএফপি।