আবারও ফেদেরার-জোকোভিচ
আবারও গ্র্যান্ড স্লামের সেমিফাইনালে মুখোমুখি হতে পারেন রজার ফেদেরার ও নোভাক জোকোভিচ। ইউএস ওপেনের ড্র-ই আবার এই সম্ভাবনা জাগিয়েছে। গত পরশু নিউইয়র্কে ড্র হয়েছে ইউএস ওপেনের। একবার-দুবার নয় এ বছরের চারটি গ্র্যান্ড স্লামই এই সম্ভাবনা দেখল। যার মধ্যে অস্ট্রেলিয়া ও ফ্রেঞ্চ ওপেনের শেষ চারে দেখা হয়েছিল এই দুই তারকার। উইম্বলডনে জো-উইলফ্রায়েড সোঙ্গার কাছে হেরে ফেদেরার ব্যাঘাত ঘটান এই ধারাবাহিকতার। পুনরাবৃত্তি হতে পারে রাফায়েল নাদাল ও অ্যান্ডি মারের সেমিফাইনাল লড়াইয়েরও।জোকোভিচ এ বছর অস্ট্রেলিয়ান ওপেন ও উইম্বলডন জিতেছেন। জিতেছেন পাঁচটি এটিপি মাস্টার্স টুর্নামেন্ট। সারা বছরে হেরেছেন মাত্র দুটি ম্যাচ, যার একটি আবার ফ্রেঞ্চ ওপেনে ফেদেরারের কাছে। এসব মিলিয়েই আগামী সোমবার শুরু হতে যাওয়া বছরের শেষ গ্র্যান্ড স্লামে অবিসংবাদিত ফেবারিট এই সার্বিয়ানই।তবে জয়ের পথে সংশয় কিছুটা হলেও আছে। প্রশ্ন উঠেছে তাঁর ফিটনেস নিয়ে। হালকা কাঁধের চোটে মাত্র গত সপ্তাহেই সিনসিনাটি ওপেনের ফাইনাল থেকে নিজেকে প্রত্যাহার করে নেন জোকোভিচ। আর ক্ষুধার্ত প্রতিপক্ষরা তো ওত পেতে আছেনই। ফেদেরার-নাদালের বাইরে ব্রিটেনের অ্যান্ডি মারেও মুখিয়ে আছেন প্রথম গ্র্যান্ড স্লাম জিততে। কিংবদন্তি জন ম্যাকেনরোর চোখে মারেই ‘সবচেয়ে ক্ষুধার্ত’। শীর্ষ বাছাই জোকোভিচের ইউএস ওপেন শুরু হচ্ছে বাছাইপর্ব পেরিয়ে আসা এক খেলোয়াড়ের বিপক্ষে ম্যাচ দিয়ে। অন্যদিকে সেরেনা উইলিয়ামস ফিরে আসায় আরও জমজমাট হয়েছে মহিলা একক। বাছাই তালিকায় তাঁর স্থান ২৮ হলেও শিরোপার অন্যতম দাবিদার তিনি। তিনবারের চ্যাম্পিয়ন সেরেনা নিজের ফিরে আসার প্রমাণ দিয়েছেন টানা দুটি টুর্নামেন্ট জিতে। ড্র-টাও সুবিধা দিয়েছে এই মার্কিন তারকাকে। সবকিছু ঠিকঠাকমতো চললে কোয়ার্টার ফাইনালের আগে শক্ত কোনো প্রতিপক্ষের দেখা পাবেন না ছোট উইলিয়ামস।তবে বিশ্বের এক নম্বর খেলোয়াড় ক্যারোলিন ওজনিয়াকির প্রথম গ্র্যান্ড স্লাম জয়টা এবারও স্বপ্নই থেকে যেতে পারে। ড্রয়ের কঠিন অংশেই পড়েছেন তিনি। কোয়ার্টার ফাইনালে তাঁর সম্ভাব্য প্রতিপক্ষ চীনের লি না, সেমিফাইনালে সেরেনা। এএফপি, রয়টার্স।