আবারও বর্ষসেরা সেরেনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সময়টা থাকার কথা ছিল তাঁদেরই। মেয়েদের টেনিসে রাজত্ব করার কথা মারিয়া শারাপোভা, ভিক্টোরিয়া আজারেঙ্কাদের। কিন্তু কোথায় কী? ত্রিশ ছাড়ানো এক খেলোয়াড়ের কাছে পাত্তাই পাচ্ছেন না তাঁরা।
প্রাণঘাতী অসুস্থতা থেকে সেরে ওঠার পর থেকে যেন আরও অপ্রতিরোধ্য সেরেনা উইলিয়ামস। পর্যুদস্ত প্রতিপক্ষরা বুঝে উঠতে পারছেন না কী করবেন, এই যেমন পরশুই আবার কোচ পাল্টালেন শারাপোভা। মনিকা সেলেস ও মেরি পিয়ার্সদের সাবেক কোচ সভেন গ্রোয়েনভেল্ডকে নিয়োগ দিয়ে শারাপোভা যখন দিন ফেরাতে চাইছেন, তখন টানা দ্বিতীয় ও সব মিলিয়ে পঞ্চমবারের মতো সেরেনা জিতলেন ডব্লুটিএ বর্ষসেরা খেলোয়াড়ের পুরস্কার।
এ বছর দুটি গ্র্যান্ড স্লামসহ ১১টি শিরোপা জেতা ৩২ বছর বয়সী সেরেনার চেয়ে বর্ষসেরার খেতাবটা বেশি জিতেছেন মাত্র দুজন—স্টেফি গ্রাফ (৮ বার) ও মার্টিনা নাভ্রাতিলোভা (৭)। অসাধারণ এক বছরে ৮২ ম্যাচের মাত্র চারটিতে হেরেছেন সেরেনা, জিতেছেন ১ কোটি ২৩ লাখ ৮৫ হাজার ৫৭২ ডলার প্রাইজমানি। গত ফেব্রুয়ারি থেকেই মেয়েদের টেনিসে সবচেয়ে বেশি বয়সী এক নম্বর খেলোয়াড় সেরেনা সামনের বছরেও দেখছেন উন্নতির সুযোগ, ‘আসছে বছরে কিছু কিছু ক্ষেত্রে আরও ভালো করার সুযোগ আছে। আমি ওদিকেই তাকিয়ে। এবারের জয়গুলো তো মনে রাখবই, ভুল থেকেও শিক্ষা নিতে চাই যাতে ভুলের পুনরাবৃত্তি না হয়।’
এবারের আগে ২০০২, ’০৮, ’০৯ ও ’১২ সালেও বর্ষসেরা হয়েছেন সেরেনা। ওয়েবসাইট।