আবারও বহিস্কৃত হলেন বাংলাদেশের ফুটবল কোচ
সদ্যই বাংলাদেশের ফুটবল দলের কোচ হিসেবে নিয়োগ পেয়েছিলেন জর্জি জোভানভস্কি। কিন্তু কাজ শুরু করার আগেই বহিষ্কার করা হলো যুগোস্লোভিয়ার সাবেক এই ফুটবলারকে। পাকিস্তানে গিয়ে বিশ্বকাপ বাছাইপর্বের একটি ম্যাচ খেলতে দলের সঙ্গে যেতে রাজি না হওয়ায় তাঁকে বহিষ্কার করা হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।২৯ জুন পাকিস্তানে গিয়ে বিশ্বকাপ বাছাইপর্বের একটি ম্যাচ খেলার কথা আছে বাংলাদেশের ফুটবলারদের। পাকিস্তানে যেতে রাজি না হওয়ায় আগের কোচ রবার্ট রুবচিচকেও বহিষ্কার করেছে বাফুফে। এরপর ১৪ জুন নতুন কোচ হিসেবে ঘোষিত হয় জোভানোভস্কির নাম। গত সোমবার তাঁর বাংলাদেশি ফুটবলারদের সঙ্গে কাজ শুরু করার কথা ছিল। কিন্তু পাকিস্তানের বিপক্ষে ম্যাচটা শেষ হওয়ার পর তিনি বাংলাদেশে আসবেন বলে জানিয়েছিলেন। এটা জানার পরই আজ তাঁকে বহিষ্কার করার সিদ্ধান্ত নেয় ফুটবল ফেডারেশন। জাতীয় টিম ম্যানেজমেন্ট কমিটির সভাপতি বাদল রায় বলেছেন, ‘পাকিস্তানে যেতে রাজি না হওয়ার পর তাঁকে বহিষ্কার করা ছাড়া আমাদের আর কোনো উপায় ছিল না।’ রয়টার্স।