আবারও বাদ স্নাইডার
২০১০ বিশ্বকাপের অন্যতম নায়ক। হল্যান্ডকে ফাইনালে নিয়ে যেতে ওয়েসলি স্নাইডার রেখেছিলেন গুরুত্বপূর্ণ অবদান। আরেকটি বিশ্বকাপ যখন সমাগত, গ্যালাতাসারাইয়ের ডাচ মিডফিল্ডারের ক্যারিয়ার বন্দী হয়ে আছে একটা প্রশ্নের জালে—তবে কি স্নাইডার এরই মধ্যে ফুরিয়ে গেলেন! হল্যান্ড কোচ লুইস ফন গলের দল সাজানোর পরিকল্পনাটাই আসলে তুলে দিয়েছে প্রশ্নটা। গত মাসে পর্তুগালের বিপক্ষে প্রীতি ম্যাচের দল থেকে স্নাইডারকে বাদ দিয়েছিলেন ফন গল। ডাচ কোচ সাবেক রিয়াল মাদ্রিদ ও ইন্টার মিলানের ২৯ বছর বয়সী মিডফিল্ডারকে এড়িয়ে গেলেন আবারও।
৬ ও ১০ সেপ্টেম্বর এস্তোনিয়া ও অ্যান্ডোরের বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচ হল্যান্ডের। কিন্তু ফন গলের দেওয়া ২১ সদস্যের দলে জায়গা হয়নি স্নাইডারের। যদিও ক্লাব গ্যালাতাসারাইয়ের হয়ে স্নাইডার খেলেছেন নতুন মৌসুমের তিনটি ম্যাচই। পিএসভি আইন্দহোফেনের ডিফেন্ডার জেফ্রে ব্রুমা ফিরেছেন দলে। তাঁর সতীর্থ জেরোওন জুয়েত জাতীয় দলে ডাক পেয়েছেন প্রথমবারের মতো। ‘ডি’ গ্রুপে শীর্ষে হল্যান্ড। এই দুই ম্যাচে জিতলে ডাচদের ব্রাজিল-যাত্রা মোটামুটি নিশ্চিত হয়ে যাবে। ওয়েবসাইট।