আবারও বাড়ছে ক্রিকেটারদের বেতন
বেতন হিসেবে যে টাকা পান, তাতে নাকি অনেকের বাজার খরচও হয় না! গত ১৪ জানুয়ারির বোর্ড সভায় ১০ শতাংশ বেতন বাড়ানো হলেও সেটাকে তাই যথেষ্ট মনে করছেন না ক্রিকেটাররা। বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগ নতুন চুক্তিপত্র তৈরি করে রাখলেও এখনো কোনো খেলোয়াড় তাতে সই করেননি।শেষ পর্যন্ত ক্রিকেটারদের দাবিই পূরণ হচ্ছে। গত পরশু শাহবাগের প্রজন্ম চত্বরে যাওয়ার আগে বেতন বাড়ানোর দাবি নিয়ে খেলোয়াড়েরা সভায় বসেছিলেন বিসিবির সভাপতি ও কর্মকর্তাদের সঙ্গে। বিসিবির কাছ থেকে বেতন বাড়ানোর আশ্বাসও মিলেছে। সভায় সভাপতি নাজমুল হাসান ছাড়াও বোর্ডের শীর্ষস্থানীয় কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ক্রিকেটারদের মধ্যে ছিলেন: অধিনায়ক মুশফিকুর রহিম, মাশরাফি বিন মুর্তজা, সাকিব আল হাসান, তামিম ইকবালসহ অনেকেই।চলতি বছরের জন্য বিসিবির চুক্তিতে রাখা হয়েছে ১৫ ক্রিকেটারকে। ‘এ প্লাস’ শ্রেণীতে আছেন মাশরাফি, সাকিব, মুশফিক, তামিম, রাজ্জাক ও মাহমুদউল্লাহ। ১০ শতাংশ বাড়ানোর পর এঁদের প্রত্যেকের বেতন হওয়ার কথা মাসে দেড় লাখ টাকা। ‘বি’ শ্রেণীর রুবেল, শফিউল ও নাসিরের বেতন হওয়ার কথা এক লাখ টাকা করে। ‘সি’ শ্রেণীতে থাকা জহুরুল ও ইলিয়াস সানির বেতন ৭৫ হাজার টাকা এবং ‘রুকি’ শ্রেণীর সোহাগ, এনামুল (বিজয়), মমিনুল ও হাসানের মাসিক বেতন হওয়ার কথা মাসে ৫০ হাজার। ক্রিকেটারদের দাবির মুখে টাকার অঙ্কগুলো এখন বেড়ে যাবে আরও।টেস্ট ও ওয়ানডে খেলার সংখ্যার ওপরই নির্ভর করে একজন খেলোয়াড় কোন শ্রেণীতে চুক্তিবদ্ধ হবেন। প্রতিটি ওয়ানডের জন্য ১ পয়েন্ট এবং টেস্টের জন্য ২ পয়েন্ট। ১০০-এর ওপরে পয়েন্ট পাওয়া খেলোয়াড়েরা ‘এ প্লাস’, ৭১ থেকে ১০০ পর্যন্ত ‘এ’, ৩১ থেকে ৭০ পর্যন্ত ‘বি’ এবং ০ থেকে ৩০ পয়েন্ট পর্যন্ত খেলোয়াড়েরা ‘সি’ শ্রেণীভুক্ত। বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের উপব্যবস্থাপক শরিফুল ইসলাম জানিয়েছেন, আপাতত ৭১ থেকে ১০০ পয়েন্ট পাওয়া কোনো ক্রিকেটার নেই বলে ‘এ’ শ্রেণীর চুক্তিতেও রাখা হয়নি কাউকে।খেলোয়াড়দের আয় আছে মাসিক বেতনের বাইরেও। প্রতিটি আন্তর্জাতিক ওয়ানডের ম্যাচ ফি ৬০ হাজার টাকা, টি-টোয়েন্টির ৩৫ হাজার টাকা ও টেস্টের দেড় লাখ টাকা। পঞ্চম দিন লাঞ্চের আগেই হেরে গেলে অবশ্য টেস্টের ম্যাচ ফি কমে দাঁড়ায় এক লাখ টাকা।আগে বেতন ও ম্যাচ ফির সঙ্গে আন্তর্জাতিক ম্যাচে ফিফটি, ওয়ানডে বা ৫ উইকেট পেলে পারফরম্যান্স বোনাসও পেতেন ক্রিকেটাররা। কিন্তু বিসিবির সর্বশেষ পরিচালনা পর্ষদ বাদ দিয়ে দিয়েছে সেসব। বোনাস এখন খেলোয়াড়েরা পান হঠাৎ হঠাৎ। কেউ হয়তো বিশেষ কিছু করলেন, তখন বোর্ড ঘোষণা দেয়—অমুক অত টাকা বোনাস পাবেন। এ কারণে বার্ষিক আয় আগের চেয়ে প্রায় অর্ধেকে নেমে এসেছে বলে অভিযোগ খেলোয়াড়দের। বেতন বাড়ানোর দাবি সে কারণেই। বিসিবির মিডিয়া কমিটির প্রধান জালাল ইউনুস জানিয়েছেন, খেলোয়াড়দের দাবির সঙ্গে তাঁরাও একমত, ‘আমাদেরও মনে হয়েছে, খেলোয়াড়দের দাবি যৌক্তিক। আয় কখনো কমতে পারে না। তাঁদের আমরা আশ্বাস দিয়েছি, একটা কিছু হবে।’ সভায় জাতীয় দলের জন্য যত দ্রুত সম্ভব একজন ব্যাটিং কোচও চেয়েছেন খেলোয়াড়েরা।গত চার বছরে জাতীয় দলের ক্রিকেটারদের বেতন বেড়েছে ৩০ শতাংশ। এবার কত বাড়ছে, সেটি এখনো ঠিক না হলেও পরিমাণটা সন্তোষজনক হবে বলেই আশ্বাস বোর্ডের। তবে ক্রিকেটারদেরও বিসিবি মনে করিয়ে দিয়েছে কিছু বাধ্যবাধকতার কথা। ‘বোর্ড খেলোয়াড়দের সরাসরি জানিয়ে দিয়েছে, জাতীয় স্বার্থ আগে দেখতে হবে। জাতীয় দলের খেলা বাদ দিয়ে আইপিএল বা অন্য কোথাও খেলা যাবে না’—বলেছেন জালাল ইউনুস।