আবারও বিক্ষোভে উত্তাল ব্রাজিল

ফুটবল বিশ্বকাপ সফলভাবে আয়োজনের লক্ষ্যে সময়মতো স্টেডিয়াম আর অন্যান্য অবকাঠামো নির্মাণের কাজ শেষ করতে গিয়েই হিমশিম খেতে হচ্ছে ব্রাজিল সরকারকে। এর মধ্যে আবার নতুন করে বিশ্বকাপ-বিরোধী বিক্ষোভেও উত্তাল হয়েছে ব্রাজিল। দেশটির সবচেয়ে বড় শহর সাও পাওলোসহ আরও বেশ কিছু জায়গায় হাজার হাজার বিক্ষোভকারী ফিফাবিরোধী স্লোগান দিয়ে রাস্তায় নেমে এসেছে। এ সময় সহিংসতার দায়ে বেশ কয়েকজনকে গ্রেপ্তারও করেছে পুলিশ।
শুরুতে শান্তিপূর্ণ থাকলেও সাও পাওলোর বিক্ষোভ ক্রমশই সহিংসতায় রূপ নেয়। এ সময় একটি গাড়িতে আগুন ও কিছু দোকান-ব্যাংকে ভাঙচুর চালায় বিক্ষোভকারীরা। পুলিশের একটা ফাঁকা গাড়িও পড়ে তোপের মুখে। সাও পাওলোতে প্রায় আড়াই হাজার মানুষ ব্যানার-ফেস্টুন নিয়ে বিশ্বকাপবিরোধী স্লোগান দেয়। বিশ্বকাপ আয়োজনের জন্য যে বিপুল পরিমাণ অর্থ ব্যয় করা হচ্ছে, সেটা দেশের সাধারণ মানুষের জীবনযাত্রার মান উন্নয়নের জন্য কাজে লাগানো উচিত বলে মনে করে এই বিক্ষোভকারীরা। বিশ্ববিদ্যালয়ের ছাত্র লিওনার্দো পেলেগ্রিনি দস সান্তোস যেমনটা বলেছেন, ‘বিশ্বকাপের পেছনে যে লাখ লাখ ডলার ব্যয় করা হচ্ছে আমরা সেটার বিপক্ষে। এই অর্থটা সাধারণ মানুষের উন্নত স্বাস্থ্যসেবা, চিকিত্সাসেবা, যাতায়াত ও বাসস্থানের পেছনে বিনিয়োগ করা উচিত ছিল।’
গত বছর কনফেডারেশনস কাপ চলাকালেও বিশ্বকাপবিরোধী আন্দোলনে তোলপাড় হয়েছিল ব্রাজিলে। ওই সময় লাখ লাখ মানুষ রাস্তায় নেমেছিল সরকারের দুর্নীতি, জনসেবা খাতগুলোর বেহালদশা ও বিশ্বকাপে বিপুল পরিমাণ অর্থ ব্যয়ের প্রতিবাদ জানাতে। সেই আন্দোলনের চাপে রাজনৈতিক সংস্কারের একটা প্রস্তাবও দিয়েছিলেন ব্রাজিলের প্রেসিডেন্ট দিলমা রোসেফ। গণপরিবহন খাতেও ২৫ বিলিয়ন ডলার বিনিয়োগের ঘোষণা দিয়েছেন তিনি।— বিবিসি অনলাইন