আবারও বিতর্কে সুয়ারেজ
বিতর্কের সঙ্গে মিতালি পাতিয়েছেন অনেক আগেই। গত মৌসুমে ম্যানচেস্টার ইউনাইটেড ডিফেন্ডার প্যাট্রিস এভরাকে বর্ণবাদী মন্তব্য করার দায়ে আট ম্যাচ নিষিদ্ধ হয়েছিলেন। দিতে হয়েছিল জরিমানাও। এরপর ‘ডাইভিং’-এর অপবাদও জুটেছিল কপালে, ইচ্ছে করে পড়ে যাওয়ার জন্য দেখতে হয়েছিল হলুদ কার্ড। ক্লাব দল লিভারপুলের পর এবার নিজের দেশ উরুগুয়ের পক্ষে খেলতে গিয়ে করেছেন নতুন কাণ্ড। নতুন করে আবার নিষেধাজ্ঞার কবলে পড়তে পারেন এই স্ট্রাইকার। ঘটনাটা দুই দিন আগের বিশ্বকাপ বাছাইপর্বে চিলির বিপক্ষে ম্যাচে। কর্নার পেয়েছিল উরুগুয়ে। জটলার ভেতর সুয়ারেজ ঘুষি মেরে বসেন চিলির গঞ্জালো জারাকে। ভাগ্য ভালো, আর্জেন্টাইন রেফারি নেস্তর পিতানার দৃষ্টি এড়িয়ে গেছে সেটা। তাৎক্ষণিক কোনো শাস্তি তাই পেতে হয়নি। কিন্তু ফিফা জানিয়েছে চতুর্থ রেফারির রিপোর্টে ঘটনার উল্লেখ থাকলে পার পাবেন না সুয়ারেজ। তার আগে একটা দণ্ড অবশ্য ঠিকই পেয়েছেন। পরপর দুই হলুদ কার্ড দেখায় পেতে হয়েছে এক ম্যাচের নিষেধাজ্ঞা। যার মানে বিশ্বকাপ বাছাইপর্বে ভেনেজুয়েলার সঙ্গে পরের ম্যাচটা খেলতে পারবেন না।বাছাইপর্বে অবশ্য দারুণ ফর্মেই আছেন, করে ফেলেছেন ৮ গোল। কিন্তু উরুগুয়ের বিশ্বকাপ-স্বপ্নটা ফিকে হয়ে পড়েছে। ১৩ পয়েন্ট নিয়ে ছয়ে আছে গতবারের সেমিফাইনালিস্টরা। প্লে-অফ খেলতে হলেও অন্তত থাকতে হবে পাঁচে। সেজন্য এ মুহূর্তে পাঁচে থাকা ভেনেজুয়েলার বিপক্ষে জয়টা চাই-ই চাই। অথচ সেই ম্যাচেই থাকছেন না প্রধান স্ট্রাইকার। কোচ অস্কার তাবারেজের লক্ষ্য এখন পাঁচ নম্বরে ওঠাই, ‘আমাদের সবচেয়ে কাছাকাছি যে লক্ষ্যটা সেটা হলো পঞ্চম স্থানের জন্য লড়াই করা। ভেনেজুয়েলার সঙ্গে ম্যাচটা নির্ধারণ করে দেবে অনেক কিছু।’চিলির কাছে ২-০ হারের দিন ভাগ্যটা সুপ্রসন্ন ছিল না, গোটা কয়েক পেনাল্টি নাকি প্রাপ্য ছিল। অন্তত উরুগুয়ে অধিনায়ক গডিন সে রকমই দাবি করেছেন। তাবারেজ অবশ্য দুষেছেন রক্ষণকেই, ‘আমি একটু অবাকই হয়েছিলাম। গোলগুলো আমরা রুখতে পারতাম। রেফারিংয়ের চেয়ে রক্ষণ দুর্বলতারই মূল্য দিতে হয়েছে আমাদের।’ রয়টার্স।