আবারও ব্যর্থ অনূর্ধ্ব-১৯
আরেকবার ব্যাটিংয়ে ব্যর্থ বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। ত্রিদেশীয় টুর্নামেন্টে কাল লিস্টারের গ্রেস রোডে ইংল্যান্ড অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে ১৭০ রানে অলআউট হয়েছে দলটি। আগের দিন পাকিস্তান অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ করতে পেরেছিল ১৪৯। সেই ম্যাচের মতো কালও হেরেছে বাংলাদেশের তরুণেরা। তবে কাল ম্যাচটাকে শেষ ওভার পর্যন্ত টেনে নেওয়া গেছে, সান্ত্বনা এটাই। ১৭১ রানের লক্ষ্য ৩ বল ও ৫ উইকেট হাতে রেখেই টপকে যায় ইংল্যান্ড অনূর্ধ্ব-১৯। কাল টস জিতে ব্যাট করতে নেমেই বিপদে পড়ে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯। প্রথম ওভারের শেষ বলে শূন্য রানে বোল্ড সাদমান ইসলাম। দলের রান তখন ১। এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে দ্বাদশ ওভারেই বাংলাদেশের স্কোর ৫ উইকেটে ৬১। সেখান থেকে দলকে ১৩০ রানে নিয়ে যান অধিনায়ক মেহেদী হাসান ও জয়রাজ শেখ। মেহেদী করেছেন ইনিংস-সর্বোচ্চ ৪১ রান। এই ৪১ রানের ৩২-ই এসেছে বাউন্ডারি থেকে। জয়রাজ করেছেন ২৯। আট রানের ব্যবধানে দুজনের বিদায়ে শেষের বিপর্যয়ের শুরু। শেষ ৫ উইকেট পড়েছে ৪০ রানে।ইংল্যান্ডের মিডিয়াম পেসার জ্যাক উইনসলেড ৩৯ রানে ৪টি ও ১৫ বছর বয়সী পেসার ম্যাথু ফিশার ২৮ রানে নিয়েছেন ৩ উইকেট। প্রথম ওভারে ইংল্যান্ডও উইকেট হারিয়েছে। স্কোর বোর্ডে কোনো রান না উঠতেই আউট রায়ান হিগিনস। তবে আরেক উদ্বোধনী ব্যাটসম্যান হ্যারি ফিঞ্চকে আউট করতে পারেননি বাংলাদেশি বোলাররা। ঠিক ১০০ রানে অপরাজিত ছিলেন এই ডানহাতি। তথ্যসূত্র: ক্রিকইনফো।