আবারও ব্রাজিলের 'হিরো' নেইমার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আবারও নিজেকে চেনালেন নেইমার  ছবি: রয়টার্স
আবারও নিজেকে চেনালেন নেইমার ছবি: রয়টার্স

দারুণ ফুটবল খেলে আরও একবার ব্রাজিলকে জেতালেন নেইমার। কাল রাতে যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটসে অনুষ্ঠিত আন্তর্জাতিক প্রীতি ম্যাচে ব্রাজিল ৩-১ গোলে হারিয়েছে পর্তুগালকে। নেইমার নিজে তো দারুণ এক গোল করেছেনই, সেলেসাওদের বাকি দুটো গোলেও অবদান সান্তোস থেকে সদ্যই বার্সেলোনায় যোগ দেওয়া এই তরুণ সেনসেশনের।
ক্রিস্টিয়ানো রোনালদোকে ছাড়া মাঠে নেমে পর্তুগাল প্রথম দিকে ব্রাজিলের ওপর চড়ে খেলতেই চেয়েছিল। ম্যাচের ৬ মিনিটেই এগিয়ে যেতে পারত তারা। রাউল মেইরেলেসের শট পোস্টে লেগে ফিরে না এলে হয়তো গুছিয়ে ওঠার আগেই চাপে পড়ে যেতে হতো ব্রাজিলকে। তবে ব্রাজিল চাপে পড়ে যায় ম্যাচের ১৮ মিনিটেই। রাইট ব্যাক মাইকনের একটি ক্ষমাহীন ভুল পর্তুগালকে এগিয়ে দেয় ১-০ গোলে। বক্সের বাইরে থেকে পর্তুগিজ মিডফিল্ডার মিগুয়েল ভেলোসোর শট ব্রাজিলীয় ডিফেন্ডার হেনরিকের গায়ে লেগে মাইকনের মাথায় পড়লে তিনি ওই ভুলটি করে বসেন। মাইকন হেড করে বল গোলরক্ষক হুলিও সিজারকে দিতে গেলে তা পেয়ে যান মেইরেলেস। পর্তুগালের ‘মি. টি’ মেইরেলেস আলতো ছোঁয়ায় তা পাঠিয়ে দেন আসল ঠিকানায়।
ব্রাজিলের অবশ্য বেশিক্ষণ সময় লাগেনি খেলায় ফিরতে। ২৪ মিনিটে নেইমারের দারুণ এক কর্নার থেকে মাথা ছুঁয়ে গোল করেন অধিনায়ক থিয়াগো সিলভা। নেইমারের ঝলক তখনো দেখতে বাকি জিলেট অ্যারেনার দর্শকদের। ঠিক ১০ মিনিট পর (ম্যাচের ৩৪ মিনিটে) নেইমার প্রায় একক প্রচেষ্টায় বল নিয়ে পর্তুগিজ রক্ষণ ভাঙেন। দ্রুতগতিতে বল নিয়ে ঢুকে তিনি সরাসরি শটে পরাস্ত করেন পর্তুগালের গোলরক্ষক রুই প্যাত্রিসিওকে। ৪৯ মিনিটে জয় নিশ্চিত করে ব্রাজিল। এবারও আসল কাজটি করে দেন ওই নেইমারই। তিনি বাম প্রান্ত থেকে বল নিয়ে ঢুকে পাস ঠেলেন বেরনার্ডকে। বেরনার্ড তা আড়াআড়ি ঠেলে দেন জোর পায়ে। গোলপোস্টের ঠিক সামনে এমন একটা দূরত্বে জো বলটি পান যা থেকে গোলে বল পাঠাতে একেবারেই বেগ পেতে হয়নি তাঁর। ঠিক ওই জায়গাটি থেকে গোল মিস করাই ছিল পৃথিবীর কঠিনতম কাজ।

অস্ট্রেলিয়ার বিপক্ষে সদ্যই ৬-০ গোলে জিতে উজ্জীবিত ব্রাজিল কাল পর্তুগালের বিপক্ষে সর্বশেষ তিন ম্যাচ অপরাজেয় থেকে গেল। কালকের ম্যাচটিসহ এই তিন ম্যাচের দুটিতেই জিতেছে ব্রাজিল। ২০১০ বিশ্বকাপে পর্তুগালের বিপক্ষে ব্রাজিলের খেলাটি শেষ হয়েছিল গোলশূন্যভাবে। সূত্র: রয়টার্স।