আবারও মাঠের বাইরে ক্যাসিয়াস
কার্লো আনচেলত্তির একাদশে এই প্রথম জায়গা পেয়েছিলেন। কিন্তু মন্দ কপাল ইকার ক্যাসিয়াসের। ১৫ মিনিটের বেশি খেলতে পারলেন না। তাঁকে মাঠ ছাড়তে হলো চোট পেয়ে। গ্যালাতাসারাইয়ের বিপক্ষে পরশু রাতে ম্যাচ শেষে কোচ আনচেলত্তি যদিও জানিয়েছেন, দুই-তিন দিনের মধ্যেই ফিট হয়ে যাবেন ক্যাসিয়াস। তবে স্প্যানিশ সংবাদমাধ্যমের খবর, অন্তত সপ্তাহ দুয়েক বাইরে থাকতে হবে রিয়াল মাদ্রিদ গোলরক্ষককে।
সতীর্থ সার্জিও রামোসের সঙ্গে ধাক্কায় পাঁজরে চোট পেয়েছিলেন ম্যাচের প্রথম মিনিটেই। সেই চোট উপেক্ষা করেই গ্যালাতাসারাইয়ের বিপক্ষে খেলে যাচ্ছিলেন ক্যাসিয়াস। এর মধ্যে ফেলিপে মেলোর একটা দারুণ ভলিও ঠেকিয়েছেন। কিন্তু মিনিট পনেরো যাওয়ার পর ব্যথা সহ্য করতে না পেরে মাঠ ছাড়তে হয় তাঁকে। জানুয়ারিতে কিংস কাপের একটি ম্যাচে খেলার সময় হাড় ভাঙার পর থেকেই রিয়াল দলে অনিয়মিত ক্যাসিয়াস। এই মৌসুমে লা লিগার চার ম্যাচেই তাঁর বদলে একাদশে খেলেছেন ডিয়েগো লোপেজ। তবে চ্যাম্পিয়নস লিগে স্প্যানিশ অধিনায়ককে প্রথম পছন্দ হিসেবে বেছে নিয়েছিলেন কোচ আনচেলত্তি। রয়টার্স।