আবারও মাঠের বাইরে মাশরাফি
তিন সপ্তাহের জন্য মাঠের বাইরে চলে গেলেন মাশরাফি বিন মুর্তজা। ঊরুর মাংসপেশিতে টান লাগায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের পঞ্চম ওয়ানডে ম্যাচটি খেলতে পারেননি তিনি। বড় ধরনের ইনজুরি কি না, তা নিয়ে জল্পনা ছিল। শেষ পর্যন্ত আজ সেই শঙ্কাই সত্যি প্রমাণিত হলো। ক্রিকেট ওয়েবসাইট ক্রিকইনফো জানিয়েছে, অতটা গুরুতর না হলেও মাশরাফির যে চোট, তাতে কমপক্ষে তিন সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে তাঁকে।ক্রিকইনফোকে অধিনায়ক মুশফিকুর রহিম বলেছেন, ‘আজকের টি-টোয়েন্টি ম্যাচে মাশরাফি ভাইকে খেলানোর ঝুঁকি নিইনি আমরা। কারণ, এতে দীর্ঘসময়ের জন্য তাঁর মাঠের বাইরে চলে যাওয়ার আশঙ্কা ছিল।’ তিনি বলেন, ‘আপাতত দুই-তিন সপ্তাহ বিশ্রামে থাকলেই উনি সুস্থ হয়ে যাবেন বলে আশা করি।’ ২০০১ সালে অভিষেকের পর থেকে মাশরাফি তাঁর দুই হাঁটুর ইনজুরিতে পড়েছেন মোট এগারোবার। অস্ত্রোপচারের টেবিলে তিনি শুয়েছেন ছয়বারের মতো। ইনজুরিপ্রবণ এই খেলোয়াড় তাঁর সামর্থ্যের পুরোটা কখনোই দিতে পারেননি বলে ধারণা অনেক ক্রিকেট-বিশ্লেষকের।