আবারও মারামারি কাবাডি অঙ্গনে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুই দিনের ব্যবধানে আবারও সংঘর্ষের ঘটনা ঘটেছে দেশের কাবাডি অঙ্গনে। বাংলাদেশ সেনাবাহিনী ও পুলিশের মধ্যকার সেমিফাইনাল খেলায় এই মারামারির ঘটনা ঘটেছে। এতে গুরুতর আহত হয়েছেন সেনাবাহিনীর জাতীয় দলের খেলোয়াড় আবু সালেহ মুসা, রুহুল আমিন ও কোচ সুবিমল চন্দ্রসহ আরও অনেকে।খেলার একপর্যায়ে সেনাবাহিনীর আবু সালেহ রেইড করতে গেলে বাংলাদেশ পুলিশের খেলোয়াড়েরা তাঁকে ইচ্ছামতো কিল-ঘুষি মারতে থাকেন। একপর্যায়ে পুলিশের সমর্থক দর্শকেরাও এতে যোগ দেন। এ সময় অনেকে চেয়ার ছোড়েন ও ভাঙচুর চালান। উত্তপ্ত অবস্থার মধ্যে সেনাবাহিনীর খেলোয়াড়দের অনুরোধে র‌্যাবের সদস্যরা এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।সংঘর্ষে গুরুতর আহত হয়েছেন সেনাবাহিনীর জাতীয় দলের খেলোয়াড় আবু সালেহ মুসা, রুহুল আমিন ও কোচ সুবিমল চন্দ্র। বাংলাদেশ পুলিশ দলের আরদুজ্জামান, ওমর ফারুক, মাসুদ করিম ও ফারুক হোসেনও আহত হয়েছেন। এই অনাকাঙ্ক্ষিত ঘটনার পর বর্তমানে খেলা বন্ধ রয়েছে।এর আগে ২৩ এপ্রিল মহিলা কাবাডি ফাইনালেও সংঘর্ষে জড়িয়েছিলেন বিজেএমসি ও আনসারের খেলোয়াড়-সমর্থকেরা। কাবাডি ফেডারেশনের টেকনিক্যাল কমিটির দুর্বলতা ও বাজে আম্পায়ারিংয়ের কারণেই বারবার এ ধরনের সংঘর্ষের ঘটনা ঘটছে বলে অভিযোগ উঠেছে।