আবারও মালিঙ্গা ম্যাজিক
শ্রীলঙ্কান পেসার লাথিস মালিঙ্গার নাম ‘বিশ্বকাপের হ্যাট্রিকবয়’ দিলে মন্দ হয় না! গোটা একদিনের ক্রিকেট ইতিহাসেই হ্যাটট্রিক করার বিরল কীর্তিটা করেছেন খুব কম বোলার। আর বিশ্বকাপের আসরে তো সংখ্যাটা আরো কম। মাত্র ৭টি। এর মধ্যে দুইটির পাশেই নিজের নাম লিখলেন মালিঙ্গা। আজ কেনিয়ার বিপক্ষে হ্যাটট্রিক করে টানা দুইটি বিশ্বকাপে হ্যাটট্রিক করার দুর্লভ রেকর্ড গড়েছেন সোনালি চুলের এই পেসার।গত বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সুপার এইটের একটি নির্জীব ম্যাচে অসাধারণভাবে প্রাণের সঞ্চার করেছিলেন মালিঙ্গা। প্রায় হেরে যাওয়া একটা ম্যাচে টানা চার বলে চার উইকেট নিয়ে আক্ষরিক অর্থেই ম্যাজিক দেখিয়েছিলেন এই ডানহাতি পেসার। কেনিয়ার বিপক্ষে আজকের ম্যাচটায় ঐ রকম শ্বাসরুদ্ধকর পরিস্থিতি তৈরি না হলেও এটা যে ম্যাজিকই, তাতে কোন সন্দেহ নেই। দ্বিতীয় স্পেলে বল করতে এসে ওভারের শেষ বলেই কেনিয়ান ব্যাটসম্যান তন্ময় মিশ্রকে ফেললেন এলবিডব্লিউর ফাঁদে। পরের ওভারের প্রথম বলে দুর্দান্ত এক ইয়র্কারে উড়িয়ে দিলেন পিটার ওনগন্ডোর মিডল স্ট্যাম্প। পরের বলটা দিয়েই গড়লেন ইতিহাস। এবার উড়িয়ে দিলেন শেম এনগোচের উইকেট। হ্যাটট্রিক! গত বিশ্বকাপের মতো চার বলে চার উইকেট এবার আর হয় নি। তবে ওভারের শেষ বলে শেষ ব্যাটসম্যান এলাইজা ওটিয়ানোর উইকেট তুলে নিয়ে সেই স্মৃতিটা কিছুটা হলেও ফিরিয়ে এনেছেন মালিঙ্গা।ইনজুরির কারণে ক্রিকেটের সবচেয়ে বড় এই আসরটিতে এবার মালিঙ্গা খেলতে পারবেন কিনা, তা নিয়েই সংশয় দেখা দিয়েছিল। প্রথম দুইটা ম্যাচে ছিলেন দর্শক হিসেবেই। আজ মাঠে নেমেই বাজিমাত করলেন এই লঙ্কান পেসার। হ্যাটট্রিক তো আছেই। সেই সঙ্গে আজ নিজের ক্যারিয়ারসেরা বোলিংটাও (৭.৪-০-৩৮-৬) করে ফেলেছেন তিনি।