আবারও মুখোমুখি বায়ার্ন-আর্সেনাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এই শিরোপাটার জন্যই লড়াই চালাবে ইউরোপের শীর্ষ দলগুলো
এই শিরোপাটার জন্যই লড়াই চালাবে ইউরোপের শীর্ষ দলগুলো

চ্যাম্পিয়নস লিগের গত মৌসুমে বায়ার্ন মিউনিখের কাছে হেরেই শেষ হয়েছিল আর্সেনালের শিরোপা জয়ের স্বপ্ন। এবারের মৌসুমেও শেষ ষোলোর লড়াইয়ে সেই বায়ার্নের মুখোমুখিই হতে হচ্ছে গানারদের। নকআউট পর্বে স্প্যানিশ লিগজয়ী বার্সেলোনা খেলবে ম্যানচেস্টার সিটির বিপক্ষে। আর নয়বারের চ্যাম্পিয়নস লিগ শিরোপাজয়ী রিয়াল মাদ্রিদের প্রতিপক্ষ জার্মান ক্লাব শালকে।


চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোর ড্রটা আবারও চেলসিতে ফেরার সুযোগ করে দিয়েছে দিদিয়ের দ্রগবাকে। তবে আইভরি কোস্টের এই তারকা স্ট্রাইকারের ফেরাটা হবে প্রতিপক্ষ হিসেবে। ২০০৪ থেকে ২০১২ পর্যন্ত চেলসির জার্সি গায়ে ১০০ গোল করা এই স্ট্রাইকার এবার চেলসির জালেই বল জড়ানোর চেষ্টা করবেন। তাঁর বর্তমান দল তুরস্কের ক্লাব গ্যালাতেসারাইকে যে লড়তে হবে চেলসির বিপক্ষেই।

গত মৌসুমের রানার আপ বুরুশিয়া ডর্টমুন্ড শেষ ষোলোর লড়াইয়ে মুখোমুখি হবে রাশিয়ান জায়ান্ট জেনিত সেইন্ট পিটার্সবুর্গের। আরেক জার্মান ক্লাব বায়ার্ন লেভারকুসেনকে খেলতে হবে ইব্রাহিমোভিচের প্যারিস সেইন্ট জার্মেইনের বিপক্ষে।
ডিয়েগো সিমিওনের অ্যাটলেটিকো মাদ্রিদকে চ্যাম্পিয়নস লিগের শিরোপা জয়ের লড়াইয়ে নামতে হবে কঠিন পরীক্ষায়। নকআউট পর্বে তাদের প্রতিপক্ষ ইতালিয়ান জায়ান্ট এসি মিলান। আর ম্যানচেস্টার ইউনাইটেড খেলবে গ্রিসের শীর্ষ ক্লাব অলিম্পিকোসের বিপক্ষে।
ফেব্রুয়ারির ১৮/১৯ ও ২৫/২৬ তারিখে অনুষ্ঠিত হবে চ্যাম্পিয়নস লিগের শেষ ১৬ পর্বের প্রথম লেগের খেলা। মার্চের ১১/১২ ও ১৮/১৯ তারিখে আবারও দ্বিতীয় লেগের খেলায় মুখোমুখি হবে ইউরোপের এই শীর্ষ দলগুলো।