আবারও মেজবাহ-শিরিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মুখভরা হাসি, হাতে বিজয়ের চিহ্ন—সামার অ্যাথলেটিকসের দ্রুততম মানব-মানবী মেজবাহ আহমেদ ও শিরিন আক্তার। কাল বঙ্গবন্ধু স্টেডিয়ামে l প্রথম আলো
মুখভরা হাসি, হাতে বিজয়ের চিহ্ন—সামার অ্যাথলেটিকসের দ্রুততম মানব-মানবী মেজবাহ আহমেদ ও শিরিন আক্তার। কাল বঙ্গবন্ধু স্টেডিয়ামে l প্রথম আলো

ছেলের খেলা দেখতে বাগেরহাট থেকে ছুটে এসেছেন। সঙ্গে অনেক আত্মীয়স্বজন। ছেলে নিরাশ করেননি। বঙ্গবন্ধু স্টেডিয়ামের ফ্লাডলাইটের আলোয় শাহিনা বেগমের মুখটা ঝলমলই করছিল। একটু আগেই যে দেশের দ্রুততম মানব হয়েছেন ছেলে মেজবাহ আহমেদ। নিজের সেরা সময় করে ১০০ মিটার স্প্রিন্ট জিতলেন এই নৌসেনা। সময় ১০.৪৩ সেকেন্ড! দ্রুততম মানবীও এখন নৌবাহিনীর, শিরিন আক্তার। সাতক্ষীরার মেয়ে সময় নিয়েছেন ১২.২৪ সেকেন্ড।
গত বছর বাংলাদেশ গেমস দিয়ে শুরু। গত মার্চে জাতীয় প্রতিযোগিতায়ও দ্রুততম মানব হয়েছেন, সামার অ্যাথলেটিকসেও মুকুট কেড়ে নিতে দিলেন না কাউকে। বঙ্গবন্ধু স্টেডিয়ামের চেনা ট্র্যাকে পাখির মতো ডানা ঝাপটে জয় উদ্যাপন করলেন ‘হ্যাটট্রিক নায়ক’ মেজবাহ। অথচ পরশু ২০০ মিটারের ফিনিশিং লাইন ছোঁয়ার পর পড়ে গিয়েছিলেন ট্র্যাকে। হাঁটুতে, কনুইয়ে চোট পাওয়ায় নিজের প্রিয় ইভেন্টে অংশ নিতে পারবেন কি না, সংশয়ে পড়ে গিয়েছিলেন তা নিয়েই। শেষ পর্যন্ত মুকুটটা ধরে রাখতে পেরে দারুণ খুশি মেজবাহ, ‘টানা তিনবার দ্রুততম মানব হতে পেরে খুবই ভালো লাগছে!’ সম্প্রতি অ্যাথলেটদের পারফরম্যান্স নিয়ে প্রশ্ন তুলেছে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন (বিওএ)। আসন্ন এশিয়ান গেমসে জায়গা পায়নি অ্যাথলেটিকস। গত জাতীয় প্রতিযোগিতায় ১০.৫২ সেকেন্ড নিয়ে দৌড়ানোর পরই নিজের টাইমিং কমানোর জেদ ছিল মেজবাহর। .০৯ সেকেন্ড কমিয়ে এক অর্থে বিওএকে একটা জবাবই দিলেন। এসব ক্ষোভ ভুলে এখন তাঁর চোখ আগামী রিও অলিম্পিকে, ‘আগামী অলিম্পিক গেমস পর্যন্ত নিজের এই পারফরম্যান্স ধরে রাখার চেষ্টা করব।’

৭.৫০ মিটার! নৌবাহিনীর লংজাম্পার মোহাম্মদ ইসমাইল কাল সামার অ্যাথলেটিকসে বিশাল এই লাফটা দিয়েই সোনা জিতেছেন। গত এসএ গেমসে এর চেয়ে কম লাফিয়েই সোনা জিতেছিলেন ভারতের মোহাম্মদ ইবরার l প্রথম আলো
৭.৫০ মিটার! নৌবাহিনীর লংজাম্পার মোহাম্মদ ইসমাইল কাল সামার অ্যাথলেটিকসে বিশাল এই লাফটা দিয়েই সোনা জিতেছেন। গত এসএ গেমসে এর চেয়ে কম লাফিয়েই সোনা জিতেছিলেন ভারতের মোহাম্মদ ইবরার l প্রথম আলো

বাংলাদেশ গেমসের সোনাজয়ী নাজমুন নাহার বিউটি খেলছেন না। ফলস স্টার্টের কারণে আগেই বাদ পড়েন সাবেক চ্যাম্পিয়ন শামসুন নাহার চুমকি। দ্রুততম মানবীর মুকুটটা ধরে রাখার ব্যাপারে তাই আত্মবিশ্বাসীই ছিলেন শিরিন, ‘চুমকি ফলস স্টার্টে বাদ পড়ায় একটু ভয় হচ্ছিল। ওই সময় মনঃসংযোগ হারিয়ে ফেলার ভয় থাকে। তবে আত্মবিশ্বাস ছিল যে জিতব।’
মেজবাহ-শিরিনদের দিনে লং জাম্পে আলো ছড়িয়েছেন নৌবাহিনীর মোহাম্মদ ইসমাইল। ৭.৫০ মিটার লাফিয়ে জিতেছেন সোনা। ঢাকায় গত এসএ গেমসে সোনাজয়ী ভারতীয় অ্যাথলেট মোহাম্মদ ইবরারের বেশি দূরত্ব লাফাতে পেরে গর্বিত তিনি। বাংলাদেশ গেমসের সোনাজয়ী আল আমিনকে হারাতে পেরেই বেশি আনন্দিত ইসমাইল, ‘আল আমিন ভাইকে টপকাতে পারব এটা ভাবিইনি। এই পারফরম্যান্স ধরে রাখতে চাই।’


পদক তালিকা

সোনা রুপা ব্রোঞ্জ
নৌবাহিনী ১৫ ৯ ৫
সেনাবাহিনী ১৪ ১৪ ১৭
বিজেএমসি ৫ ৯ ৮
বিজিবি ১ ২ ২
বিকেএসপি ১ ০ ০