আবারও মোহামেডানকে বাঁচালেন এমিলি
কমলাপুর বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল স্টেডিয়ামে এমনিতেই দর্শক-খরা। কাল মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়াম যখন আন্তর্জাতিক ক্রিকেটের উষ্ণতা গায়ে মাখছে, তখনো গাঁটের পয়সা খরচ করে শ-খানেক দর্শককে টিকিট কেটে ঢুকতে দেখা গেল ফুটবল মাঠে। দেশের অন্যতম বড় ক্লাব মোহামেডানের খেলা দেখার একটা আগ্রহ তো থাকেই। কিন্তু খেলা দেখে না তাদের মন ভরল, না মন ভরল কোচ মারুফুল হকের। সপ্তম রাউন্ডে ফরাশগঞ্জের বিপক্ষে ১-০ গোলের কষ্টার্জিত জয়ে মোহামেডানের উদ্ধারকর্তা এমিলি। ৭ ম্যাচের সবগুলো জিতে ২১ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে তারা। সমান ম্যাচে ২১ পয়েন্ট পেলেও গোল গড়ে এগিয়ে থাকা আবাহনীই সবার ওপরে।এর আগে গত ৩০ অক্টোবর নারায়ণগঞ্জ শুকতারা যুব সংসদের বিপক্ষেও ন্যূনতম ব্যবধানে জিতেছিল মোহামেডান। সেদিনও এই এমিলির কাঁধে ভর করেই পার পেয়েছিল সাদা-কালো শিবির। কালও হলো তাই। এ ম্যাচের পুরোটা সময়ই এলোমেলো ফুটবল খেলেছে মোহামেডান। তাদের না ছিল গোছানো ফুটবল, না পরিকল্পিত আক্রমণ। ছিল ভুল পাসের ছড়াছড়ি। মাঝমাঠটা বেশি দুর্বল থাকাতেই আসলে এমন হয়েছে। মোহামেডান প্রথমার্ধে গোলের দেখা পায়নি, পায় সেটি ৪৭ মিনিটে। বক্সের সামান্য বাইরে থেকে কমলের পাসে প্লেসিং শটে গোল করেন এমিলি (১-০)। তবে ৬০ মিনিটে আরেকটি সহজ সুযোগ হাতছাড়া হয় মোহামেডানের। মামুনুলের লবে এমিলি হেড করলেও সেটি বারের ওপর দিয়ে চলে যায়। বাঁ প্রান্ত দিয়ে লেফট উইং ব্যাক ওয়ালি ফয়সাল বেশ কবার বল নিয়ে উঠলেও গোল করার জন্য পাননি কাউকেই।পুরো ৩ পয়েন্ট পেলেও খেলোয়াড়দের পারফরম্যান্স খুশি করতে পারেনি কোচ মারুফকে, ‘আজ (কাল) আমরা একদমই ভালো খেলতে পারিনি। আমি হতাশ। ওরা কেন এমন খেলল এটার কোনো অজুহাতও নেই। মাঝমাঠে আমরা ঠিকমতো বল নিয়ন্ত্রণ করতে পারিনি। আমি বলব পুরো দলটাই খারাপ খেলেছে।’ নাসির খেলতে পারেননি জ্বরের কারণে, সামান্য ঠান্ডাজ্বরে আক্রান্ত বুকোলাও নেমেছেন বদলি হিসেবে। ওদিকে টানা দুটি ম্যাচ হেরে হতাশ ফরাশগঞ্জের কোচ আবু ইউসুফ, ‘এই ম্যাচে আমাদের ফেরার অনেক সুযোগ ছিল। ছেলেরা নিজেদের খেলায় মনোযোগী থাকলে আমরা ম্যাচে ফিরতে পারতাম। কিন্তু সেটি না করে মোহামেডানের কোন খেলোয়াড় ধাক্কা দিল সেটির প্রতিশোধ নিতেই ব্যস্ত ছিল।’ ইউসুফ এমনি এমনিই কথাটা বলেননি। ফরাশগঞ্জের নাইজেরিয়ান খেলোয়াড় কালু জনসনকে তো মাঠের মধ্যে হাতাহাতি করতেও দেখা গেছে মোহামেডানের মামুনুলের সঙ্গে। এ জন্য দুজনকেই অবশ্য হলুদ কার্ড দেখান রেফারি শহীদুল ইসলাম। ৭ ম্যাচে ১ জয় ও ৩ ড্রয়ে ৬ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে ফরাশগঞ্জ।