আবারও রিয়াল মাদ্রিদের এল ক্লাসিকো জয়
সময়টা সত্যিই খারাপ যাচ্ছে বার্সেলোনার। চ্যাম্পিয়নস লিগে এসি মিলান ও কোপা ডেল রে-র সেমিফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের বিপক্ষে হারের মুখ দেখেছে কাতালানরা। আজ লা লিগার আরেকটি এল ক্লাসিকোতেও হার নিয়ে মাঠ ছাড়তে হয়েছে টিটো ভিলানোভার শিষ্যদের। দীর্ঘ সময় ম্যাচে ১-১ গোলের সমতা থাকার পর একেবারে শেষ পর্যায়ে সার্জিও রামোসের গোলে নাটকীয় এক জয় পেয়েছে রিয়াল মাদ্রিদ।নিজেদের মাঠে রিয়াল মাদ্রিদ সমর্থকদের শুরুতেই আনন্দে ভাসিয়েছিলেন করিম বেনজেমা। খেলা শুরুর মাত্র ৬ মিনিটের মাথায় গোল করে দলকে এগিয়ে দেন এই ফরাসি স্ট্রাইকার। খুব বেশি সময় অবশ্য পিছিয়ে থাকতে হয়নি বার্সেলোনাকে। ১২ মিনিট পরই খেলায় সমতা ফেরান লিওনেল মেসি। ১-১ গোলে শেষ হয় প্রথমার্ধ। দ্বিতীয়ার্ধের বেশ খানিকটা সময়ও খেলায় ছিল এই ১-১ গোলের সমতা। অনেকেই যখন খেলার ফলাফল ড্র-ই ধরে নিতে যাচ্ছিলেন, তখন দুর্দান্ত এক গোল করে দলের জয় নিশ্চিত করেন সার্জিও রামোস। ৮২ মিনিটে কর্নার থেকে আসা বলে চমত্কার দক্ষতায় মাথা ছুঁইয়ে বার্সেলোনার জালে বল পাঠিয়ে দেন এই স্প্যানিশ ডিফেন্ডার।খুব অল্প দিনের মধ্যেই টানা দুটি এল ক্লাসিকো জয়ের আনন্দ তো নিশ্চিতভাবেই থাকছে রিয়াল মাদ্রিদ শিবিরে। কিন্তু আজকের এই জয় দিয়েও লা লিগার পয়েন্ট তালিকায় খুব বেশি এগিয়ে যেতে পারেনি হোসে মরিনহোর রিয়াল মাদ্রিদ। ২৬ ম্যাচ খেলে ৫৫ পয়েন্ট নিয়ে তারা এখনো আছে পয়েন্ট তালিকার তৃতীয় স্থানে। এক ম্যাচ কম খেলে ৫৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে অ্যাটলেটিকো মাদ্রিদ। আর ৬৮ পয়েন্ট নিয়ে শীর্ষস্থানের দখলটা বেশ ভালোমতোই ধরে রেখেছে বার্সেলোনা।