আবারও রেফারিকে দুষছে ইউনাইটেড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাইসাইকেল কিকের চেষ্টা ড্যানি ওয়েলবেকের। সেবার গোলটা না পেলেও পরে ঠিকই পেয়েছেন ম্যানচেস্টার ইউনাইটেড স্ট্রাইকার। তবে এতে লাভ হয়নি, টটেনহাম হটস্পারের কাছে ম্যাচটা হেরে গেছে ইউনাইটেড ।  এএফপি
বাইসাইকেল কিকের চেষ্টা ড্যানি ওয়েলবেকের। সেবার গোলটা না পেলেও পরে ঠিকই পেয়েছেন ম্যানচেস্টার ইউনাইটেড স্ট্রাইকার। তবে এতে লাভ হয়নি, টটেনহাম হটস্পারের কাছে ম্যাচটা হেরে গেছে ইউনাইটেড । এএফপি

নতুন বছরে ঘুম ভেঙে কার মুখ যে দেখেছিলেন? ডেভিড ময়েস সেটা ভেবে এখন মনে মনে গজরাচ্ছেন হয়তো। বছরের প্রথম দিনটাই যদি শুরু হয় পরাজয়ে, তা-ও নিজেদের মাঠে, তার চেয়ে খারাপ আর কী হতে পারে?
এক ম্যানচেস্টার ইউনাইটেড ছাড়া পরশু প্রিমিয়ার লিগে জিতেছে বড়দের সবাই। আর্সেনাল, ম্যানচেস্টার সিটি, চেলসি, লিভারপুল নতুন বছর শুরু করেছে জয় দিয়ে। ম্যানচেস্টার ইউনাইটেড ওল্ড ট্রাফোর্ডেই টটেনহামের কাছে হেরে গেছে ২-১ গোলে!
ময়েস অবশ্য নিজেদের দুর্ভাগা ভাবতে পারেন। ম্যাচের ৮৩ মিনিটে পেনাল্টি বক্সের কিনারায় টটেনহাম গোলরক্ষক হুগো লরিস ফেলে দিয়েছিলেন ইউনাইটেডের অ্যাশলি ইয়াংকে। কিন্তু রেফারি হাওয়ার্ড ওয়েব পেনাল্টি দেননি। লরিসকেও কোনো কার্ড দেখাননি। ময়েস ম্যাচ শেষে একদম খড়্গহস্ত ছিলেন রেফারির সমালোচনায়, ‘এটা একটা লজ্জাজনক সিদ্ধান্ত। এমন একটা সিদ্ধান্ত আমাদের পক্ষে এল না, এটা তো অবিশ্বাস্য। আমার দেখা সবচেয়ে বাজে সিদ্ধান্ত এটা। যারা রেফারিদের নিয়োগ দেয় তাদের এটা আরেকবার দেখা উচিত।’
ওই সময় পেনাল্টি পেলে সমতা ফেরানোর সুযোগ পেত ইউনাইটেড। ইমানুয়েল আদেবায়োর ও ক্রিস্টিয়ান এরিকসেনের গোলে ৬৬ মিনিটেই ২-০ করে ফেলে টটেনহাম। এক মিনিট পর ড্যানি ওয়েলবেক গোল করে ব্যবধান কমালেও শেষ পর্যন্ত ওটা যথেষ্ট হয়নি।
ম্যাচে বিতর্কের আরও উপাদান ছিল। ইচ্ছে করে পড়ে যাওয়ায় ইউনাইটেড মিডফিল্ডার আদনান ইয়ানুজাইকে হলুদ কার্ড দেখিয়েছেন রেফারি। ময়েসের ক্ষোভ, ‘এটা একটা ভয়াবহ সিদ্ধান্ত।’ কিছুদিন আগেও একবার ‘ডাইভিং’-এর দায়ে কার্ড দেখেছেন ইয়ানুজাই।
ইদানীং ‘ডাইভিং’ যেন সংক্রামক রোগের মতোই ছড়িয়ে পড়ছে লিগে। পরশু ইচ্ছে করে পড়ে যাওয়ার ঘটনা ঘটেছে চেলসি-সাউদাম্পটন ম্যাচেও। তোরেস, উইলিয়ান, অস্কারের কল্যাণে ম্যাচটা চেলসি ৩-০ গোলে জিতেছে বটে, কিন্তু অস্কারের ‘ডাইভিং’ই ম্যাচ শেষের প্রধান আলোচ্য। চেলসি মিডফিল্ডারকে নাটুকেপনার জন্য হলুদ কার্ডও দেখতে হয়েছে। কেউ কেউ তো রসিকতা করে বলেছেন, অস্কার ‘অস্কার’ই পেয়ে যেতে পারেন। মরিনহোও অভিযোগ মেনে নিয়েছেন, ‘আমার মনে হয় এটা পরিষ্কার হলুদ কার্ড ছিল। আমার এটা ভালো লাগেনি, তবে সে আমাকে এই ব্যাখ্যাটাই দিয়েছে। সেটা আমি মেনে নিচ্ছি।’
লিভারপুল কোচ ব্রেন্ডন রজার্স হাল সিটিকে হারিয়েও উচ্ছ্বসিত, ‘আমি আমার খেলোয়াড়দের বলেছি এটা মৌসুমে এখন পর্যন্ত আমাদের সেরা জয়।’ কিন্তু অনেক ম্যাচেই এর চেয়ে ঢের ভালো খেলেছে লিভারপুল। এই জয়টাই সেরা হয় কীভাবে? চোটজর্জর একটা দল নিয়ে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে লিভারপুল, তা-ও আবার টানা দুই ম্যাচ হারার পর। রজার্সের কথার তাই অন্য গুরুত্ব আছে।
ওদিকে কার্ডিফের সঙ্গে জয়ের পর আর্সেন ওয়েঙ্গার দলীয় সংহতিরই জয়গান গেয়েছেন, ‘আমরা একটা দল হয়ে খেলার চেষ্টাটা দেখিয়েছি। খেলোয়াড়দের মনোভাব ছিল দুর্দান্ত। শেষ পর্যন্ত সেটাই পার্থক্য করে দিয়েছে।’ এএফপি।