আবারও লাই-ডিটেক্টরের কথা বললেন ওয়াহ
কথাটা স্টিভ ওয়াহ বেশ কিছু দিন ধরেই বলে আসছেন। শুধু কথায় নয়, কাজে বিশ্বাসী ওয়াহ নিজে পরীক্ষাও দিয়েছেন সততার। এবার যখন রিকি পন্টিংসহ কিছু অস্ট্রেলীয় ক্রিকেটারের নাম মাজহার মাজিদের কথায় উঠে এল স্পট ফিক্সিংয়ে, ওয়াহ আবারও বললেন, নিজেদের সততা প্রমাণে অভিযুক্তদের উচিত লাই-ডিটেক্টর যন্ত্রের সামনে দাঁড়ানো।‘আমি আসলে লন্ডনে কী হচ্ছে, এ ব্যাপারে বিস্তারিত জানি না। শুধু কিছু কিছু খবর পড়েছি। তবে পলিগ্রাফ টেস্টের উপকারিতা হলো, এতে সন্দেহের অন্তত একটা উত্তর মেলে। এমন নয়, সবগুলো উত্তরই এটা দিয়ে দেবে। তবে এটা খেলোয়াড়দের সুযোগ করে দেয় তাদের বিরুদ্ধে অন্যায়ভাবে কোনো অভিযোগ উঠলে এ ব্যাপারে নিজেদের সততা প্রমাণের’—বলেছেন অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক।অবশ্য মিথ্যা নির্ণয়যন্ত্রের সামনে দাঁড়াতে হচ্ছে না। এর আগেই অস্ট্রেলীয় ক্রিকেটারদের নিষ্কলুষ বলছেন আইসিসির দুর্নীতিবিরোধী ও নিরাপত্তা ইউনিট—আকসুর সিনিয়র কর্মকর্তা অ্যালান পিকক। লন্ডনের আদালতে সালমান বাটের আইনজীবীরা তাঁকে জেরা করেছেন। সে সময় প্রশ্ন করা হয়, মাজিদ যেমনটা বলেছে, অস্ট্রেলীয়রা কি আসলেই ম্যাচ পাতানোর সঙ্গে জড়িত? এর উত্তরে পিকক বলেছেন, এখন পর্যন্ত কোনো প্রমাণ তাঁদের হাতে নেই। এএফপি, ওয়েবসাইট।এদিকে বাট-আসিফ-আমিরদের শুনানিতে প্রায় প্রতিদিনই নতুন কোনো না কোনো তথ্য উঠে আসছে। পরশু অবশ্য তেমন ‘বিস্ফোরক’ কিছু জানা যায়নি। তবে মাজিদের রেকর্ড করা বক্তব্য থেকে এবার জানা গেছে, অধিনায়কের পদ থেকে শহীদ আফ্রিদিকে সরানোর জন্য দলের বেশির ভাগ ক্রিকেটাররা নাকি জোট বেঁধে খারাপ খেলার সিদ্ধান্ত নিয়েছিলেন।