আবারও শচীন
২০১০ সালে ‘আইসিসি পিপলস চয়েস অ্যাওয়ার্ড’-এর জন্য মনোনীত হয়েছিলেন শচীন টেন্ডুলকার। শেষ পর্যন্ত সবাইকে পেছনে ফেলে পুরস্কারটাও জিতেছিলেন। দুই বছর পর আবারও এই পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন লিটল মাস্টার।গত বছর আইসিসি পিপলস চয়েস অ্যাওয়ার্ড জেতা কুমার সাঙ্গাকারাও মনোনীত হয়েছেন এবার। মনোনীত অন্য তিন ক্রিকেটারের মধ্যে দক্ষিণ আফ্রিকারই দুজন ভেরনন ফিল্যান্ডার ও জ্যাক ক্যালিস। এ ছাড়া আছেন ইংল্যান্ডের জেমস অ্যান্ডারসন।এবার তৃতীয়বারের মতো পুরস্কারটি দেওয়া হচ্ছে। বিশ্ব ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা আইসিসি এক বিবৃতিতে জানিয়েছে, ক্রিকেটপ্রেমীরা ভোটের মাধ্যমে তাঁদের খেলোয়াড় নির্বাচন করতে পারবেন। ভোট শুরু হবে ৩১ আগস্ট মধ্যরাত থেকে। ১৫ সেপ্টেম্বরে কলম্বোতে এক অনুষ্ঠানের মাধ্যমে বিজয়ীর নাম ঘোষণা করা হবে।আইসিসি জানিয়েছে, ওয়েস্ট ইন্ডিজের সাবেক অধিনায়ক ক্লাইভ লয়েডের নেতৃত্বে এ বছর ক্রিকেটার মনোনয়নের দায়িত্বে ছিলেন শ্রীলঙ্কার মারভান আতাপাত্তু, ইংল্যান্ডের ক্লেয়ার কনর, ওয়েস্ট ইন্ডিজের কার্ল হুপার এবং অস্ট্রেলিয়ার টম মুডি।আইসিসির প্রধান নির্বাহী ডেভিড রিচার্ডসন বলেছেন, পিপলস চয়েস অ্যাওয়ার্ড এবার তৃতীয়বারের মতো দেওয়া হচ্ছে। এটা প্রমাণ করে, গোটা বিশ্বে ক্রিকেটপ্রেমীদের কাছে এর প্রবল আগ্রহ রয়েছে। পছন্দের ক্রিকেটার নির্বাচনে কত ভোট পড়ে, এটা দেখার অপেক্ষায় আছি আমরা।’ডেভিড রিচার্ডসন বলেন, ‘এ বছর মনোনীত খেলোয়াড়দের মধ্যে পুরস্কারজয়ী দুজন ক্রিকেটার রয়েছেন। বাকি তিনজনও পুরস্কারের জোরালো দাবিদার। আমি নিশ্চিত, সম্মানজনক এই পুরস্কারের জন্য বেশ সচেতনভাবে যোগ্য একজনকে নির্বাচন করবেন সমর্থকেরা।’ সূত্র: ওয়েবসাইট।