আবারও শীর্ষ ধনী ক্লাব রিয়াল মাদ্রিদ
বড় কোনো শিরোপা না জিতেই ইউরোপিয়ান ফুটবলের গত মৌসুম শেষ করেছিল রিয়াল মাদ্রিদ। কিন্তু অর্থকড়ি প্রাপ্তির হিসাবে আরও একবার শীর্ষস্থানটা সফলভাবেই ধরে রাখতে পেরেছে স্প্যানিশ ক্লাবটি। গতবারের মতো এবারও ‘ফুটবল মানি লিগের’ শীর্ষ দল রিয়াল। তাদের পরেই দ্বিতীয় স্থানে আছে চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনা। গত মৌসুমে প্রথমবারের মতো ট্রেবল জয়ের সাফল্য দিয়ে তৃতীয় স্থানে উঠে এসেছে বায়ার্ন মিউনিখ।
মাঠে-মাঠের বাইরে সবদিক দিয়েই হতাশাজনক সময় কাটছে ম্যানচেস্টার ইউনাইটেডের। ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপা ধরে রাখার কাজটা তাদের জন্য এখন প্রায় অসম্ভবের পর্যায়েই চলে গেছে। আর ‘মানি লিগে’ও ১৯৯৯-২০০০ মৌসুমের পর প্রথমবারের মতো শীর্ষ তিন দলের বাইরে চলে যেতে হয়েছে রেড ডেভিলদের। এ বছর তাদের সন্তুষ্ট থাকতে হচ্ছে চতুর্থ স্থানটা নিয়েই।
মানি লিগে বিস্ময়কর অগ্রগতি হয়েছে প্যারিস সেইন্ট জার্মেইনের। গত মৌসুমে ১৯৯৪ সালের পর প্রথমবারের মতো ফরাসি লিগ শিরোপা জয়ের স্বাদ পেয়েছিল পিএসজি। এ ছাড়া ডেভিড বেকহ্যাম, জ্লাতান ইব্রাহিমোভিচদের মতো তারকা খেলোয়াড়দের দলে ভিড়িয়েও সবার মনোযোগ আকর্ষণ করেছে ফরাসি ক্লাবটি। এ বছর শীর্ষ ধনী ক্লাবগুলোর তালিকায় পিএসজি আছে পঞ্চম স্থানে। এটাই মানি লিগে কোনো ফরাসি ক্লাবের সর্বোচ্চ অবস্থান।
শীর্ষ ১০টি ক্লাবের মধ্যে ম্যানচেস্টার ইউনাইটেড ছাড়াও আছে আরও তিনটি ইংলিশ ক্লাব। ম্যানচেস্টার সিটি, চেলসি ও আর্সেনাল দখল করেছে ষষ্ঠ, সপ্তম ও অষ্টম স্থান। শীর্ষ দশের বাকি দুটি স্থান বরাদ্দ হয়েছে ইতালির জনপ্রিয় দুই ক্লাব জুভেন্টাস ও এসি মিলানের জন্য।
মানি লিগের শীর্ষ ১০ ক্লাব
১. রিয়াল মাদ্রিদ— ৫৫২২ কোটি টাকা
২. বার্সেলোনা— ৫১৩৫ কোটি টাকা
৩. বায়ার্ন মিউনিখ— ৪৫৮৮ কোটি টাকা
৪. ম্যানচেস্টার ইউনাইটেড— ৪৫০৯ কোটি টাকা
৫. প্যারিস সেইন্ট জার্মেইন— ৪২৪৩ কোটি টাকা
৬. ম্যানচেস্টার সিটি— ৩৩৬৪ কোটি টাকা
৭. চেলসি— ৩২২৮ কোটি টাকা
৮. আর্সেনাল— ৩০২৫ কোটি টাকা
৯. জুভেন্টাস— ২৮৯৮ কোটি টাকা
১০. এসি মিলান— ২৮০৪ কোটি টাকা