আবারও শীর্ষে ফিরলেন রজার ফেদেরার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টেনিসের প্রথাগত রীতি অনুসারে, ৩০ বছরের পর থেকেই খেলোয়াড়েরা ধীরে ধীরে অবসরের পথে যেতে থাকেন। কিন্তু রজার ফেদেরার এই চিরাচরিত ধারা যেন ভেঙেই দিতে চাইছেন। আর কয়েক দিন পরেই তিনি উদযাপন করবেন ৩১তম জন্মদিন। আর এবার এই জন্মদিনটা নিশ্চয়ই বিশেষভাবেই উদযাপন করবেন এই টেনিস তারকা। কারণ, গতকাল উইম্বলডনের শিরোপা জিতে দীর্ঘদিন পর আবার টেনিস র্যাঙ্কিংয়ে শীর্ষে ফিরে এসেছেন তিনি। সেই সঙ্গে সর্বোচ্চ সাতবার উইম্বলডন শিরোপা জয়ের রেকর্ড গড়ে তিনি নাম লিখিয়েছেন টেনিস কিংবদন্তি পিট সাম্প্রাসের সঙ্গে। এই বয়সেও ফেদেরার যেভাবে খেলে যাচ্ছেন তাতে তাঁকে ‘চিরসবুজ’ অভিধাই দিয়েছেন অনেকে। দুই বছর আগে উইম্বলডনের কোয়ার্টার ফাইনালে টমাস বেরডিচের কাছে হারের পর আর কোনো শিরোপা জয়ের স্বাদ পাননি ফেদেরার। রাফায়েল নাদাল ও নোভাক জকোভিচ যেভাবে টেনিস-জগত্ শাসন করছিলেন, তাতে অনেকেই হয়তো ধরে নিয়েছিলেন যে ফেদেরারের দিন শেষই হয়ে আসছে। তিনি আর কোনো বড় শিরোপা জিততে পারবেন কি না, এমন সংশয়ও প্রকাশ করেছিলেন অনেকে। কিন্তু তাক লাগানো পারফরমেন্স দেখিয়ে আবার উইম্বলডনের শিরোপা জিতেছেন এই সুইস তারকা। ফিরে পেয়েছেন টেনিস র্যাঙ্কিংয়ের শীর্ষ স্থানটাও। এখন অনেকেরই প্রশ্ন যে ফেদেরার ২০টি গ্রান্ডস্ল্যাম শিরোপা জয়ের কৃতিত্ব অর্জন করতে পারবেন কি না। সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেছেন, ‘আমি খুবই খুশি যে এই বয়সে এসেও আমি এভাবে খেলতে পারছি। কারণ, আমি ক্যারিয়ারে খুবই ভালো সময় কাটিয়েছি। আর আমি জানি, এখনো অনেক কিছুই করা সম্ভব।’গতকাল উইম্বলডনের ফাইনালে অ্যান্ডি মারেকে ৪-৬, ৭-৫, ৬-৩, ৬-৪ গেমে হারিয়ে সপ্তমবারের মতো উইম্বলডন শিরোপা জিতেছেন রজার ফেদেরার। সেই সঙ্গে ১৭টি গ্রান্ডস্ল্যাম জয়ের রেকর্ডও গড়েছেন তিনি।