আবারও শীর্ষে রুনির ম্যানইউ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্যার অ্যালেক্স ফার্গুসনের মুখে প্রশস্ত হাসি, কণ্ঠে প্রশস্তি-বাণী। সবই ওয়েইন রুনির জন্য। ইংলিশ প্রিমিয়ার লিগ পরশু আরও একটা অসাধারণ পারফরম্যান্স দেখল এই স্ট্রাইকারের। আর তাতে আবার পয়েন্ট তালিকার শীর্ষে উঠে গেছে ম্যানইউ।জোড়া গোল করে ফুলহামের বিপক্ষে দলকে ৩-০ গোলের জয় এনে দিয়েছেন বলেই শুধু নয়, ফার্গুসন রুনি-বন্দনায় মেতেছেন তাঁর ধারাবাহিকতার কারণেই। ম্যানইউর জার্সি গায়ে সর্বশেষ ১১ ম্যাচে ১৬টি গোল করলেন তিনি। ‘ও (রুনি) আসলে প্রতিটি ম্যাচেই গোল করার সামর্থ্য রাখে। সে এখন যথেষ্ট পরিণত এবং ধারাবাহিকও’—বলেছেন ফার্গুসন।ম্যানইউ যেমন পয়েন্ট তালিকার শীর্ষে, তেমনই ২৮ ম্যাচে ২৫ গোল করে ইংলিশ প্রিমিয়ার লিগের গোলদাতা তালিকায় শীর্ষে রুনি। রুনির সামনে হাতছানি আছে ক্রিস্টিয়ানো রোনালদোর এক মৌসুমে করা ৪২ গোলের কীর্তি ছাড়িয়ে যাওয়ারও। ম্যানইউ কোচের বিশ্বাস রুনি তা পারবেন, ‘আগে আমি বলেছিলাম, একজন খেলোয়াড়ের পক্ষে মৌসুমে ৪২ গোল করা কঠিন। কিন্তু রুনির এখন ৩২ গোল। ওর সামনে চ্যালেঞ্জটা চলে এল। ইউরোপিয়ান ও ইংলিশ প্রিমিয়ার লিগ মিলিয়ে সম্ভাব্য ১৩টি ম্যাচ খেলবে সে। এটা ও করেও ফেলতে পারে। আমরা ওর গোল করাটা উপভোগ করছি।’এটা নিশ্চয়ই উপভোগ করছেন ইংল্যান্ড কোচ ফ্যাবিও ক্যাপেলোও। বিশ্বকাপে ইংল্যান্ডের স্বপ্নবাহকের এমন পারফরম্যান্সে তিনি খুশি না হয়ে পারেনই না। তবে হাসি ফুরিয়ে গেছে ডেভিড বেকহামের। পরশু গোড়ালির চোট নিয়ে বিশ্বকাপে খেলার স্বপ্নটাকে ঠেলে দিলেন দূরে। তবে তাঁর দল এসি মিলানের শিরোপা-স্বপ্ন আরও উজ্জ্বল হয়েছে শিয়েভোর বিপক্ষে ১-০ গোলের জয়ে। সিডর্ফের অন্তিম মুহূর্তের গোলে শীর্ষে থাকা ইন্টারের সঙ্গে পয়েন্ট ব্যবধান কমিয়ে ১-এ নিয়ে এসেছে তারা। আগের ম্যাচে কাতানিয়ার কাছে ১-৩ গোলে ইন্টার মিলানের হারের সুযোগটা নিতে পারেনি এএস রোমা ও জুভেন্টাস। দুটি দলই ৩-৩ গোলের ড্র নিয়ে মাঠ ছেড়েছে। রোমা লিভর্নোর সঙ্গে, আর জুভেন্টাস সিয়েনার বিপক্ষে। তবে এতেও সিরি ‘আ’র শিরোপা লড়াইটা তুঙ্গে। ২৮ ম্যাচে ৫৯ পয়েন্ট নিয়ে ইন্টার শীর্ষে। সমান ম্যাচে ১ পয়েন্ট কম নিয়ে তাদের ঘাড়ে নিঃশ্বাস ফেলছে নগর প্রতিদ্বন্দ্বী এসি মিলান। ৫৩ পয়েন্ট নিয়ে রোমা তৃতীয় স্থানে।ইংলিশ প্রিমিয়ার লিগে অবশ্য একই সমান্তরালে চলছে দুই লড়াই। একটি শিরোপার, অন্যটি চারের মধ্যে থেকে আগামী মৌসুমের চ্যাম্পিয়নস লিগে জায়গা করে নেওয়ার। প্রথম লড়াইয়ে আছে ম্যানইউ (৩০ ম্যাচে ৬৬), চেলসি (২৯ ম্যাচে ৬৪) ও আর্সেনাল (৩০ ম্যাচে ৬৪)। দ্বিতীয় লড়াইয়ের প্রতিদ্বন্দ্বী টটেনহাম, ম্যানসিটি, লিভারপুল ও অ্যাস্টনভিলা।শনিবার ব্ল্যাকবার্নকে হারিয়ে সেই লড়াইয়ে এগিয়ে গেছে টটেনহাম। তবে অ্যাস্টনভিলা স্টোকের সঙ্গে এবং সিটি সান্ডারল্যান্ডের সঙ্গে ড্র করে পড়েছে পিছিয়ে। আপাতত চতুর্থ স্থানে থাকা টটেনহামের পয়েন্ট ২৯ ম্যাচে ৫২। এক ম্যাচ কম খেলে ৫০ পয়েন্ট নিয়ে সিটি আছে পঞ্চম স্থানে। এর পর লিভারপুল (২৯ ম্যাচে ৪৮) ও অ্যাস্টনভিলা (২৭ ম্যাচে ৪৬)। এএফপি, ওয়েবসাইট।