আবারও শেষ মুহূর্তের গোলে পরাজয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেষ মুহূর্তে গোল খেয়ে আবার হতাশায় ডুবল বাংলাদেশের কিশোর ফুটবলাররা। কাল নেপালের বিপক্ষে ১০ জন নিয়েও ১-১ করার পর শেষ সময়ের গোলে বাংলাদেশ হারল ২-১ গোলে। এর ফলে প্রথম সাফ অনূর্ধ্ব-১৬ ফুটবলে বাংলাদেশকে চতুর্থ হয়েই খুশি থাকতে হলো। স্বাগতিক নেপাল তৃতীয়।কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে ম্যাচের ৭ মিনিটে ১০ জনের দলে পরিণত হয় বাংলাদেশ। গোলমুখী বল হাতে লাগায় লাল কার্ড দেখে ডিফেন্ডার হাদিসুর। পেনাল্টি থেকে গোল করে নেপাল। ৬৫ মিনিটে ১০ জনের লড়াকু বাংলাদেশকে সমতায় ফেরায় কাওসার আলী। ৮৯ মিনিটে গোল করে জয় তুলে নেয় নেপাল।শ্রীলঙ্কাকে ৬-২ গোলে উড়িয়ে গ্রুপের দ্বিতীয় ম্যাচে এই নেপালের সঙ্গেই গোলশূন্য ড্র করেছিল বাংলাদেশ দল। পাকিস্তানের কাছে সেমিফাইনালে হার শেষ মুহূর্তের দুই গোলে। সেই পাকিস্তানই কাল ভারতকে ২-১ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে।বাংলাদেশের জন্য এই প্রতিযোগিতা আক্ষেপই হয়ে থাকল।