আবারও শেষের খলনায়ক রুবেল!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আবার শেষ ওভার, আবারও রুবেল, আরও একটি হার! ঘরোয়া ক্রিকেট হোক বা আন্তর্জাতিক, স্লগ ওভারে অধিনায়কদের সবচেয়ে বড় ভরসা যেন রুবেল। কারণও আছে, বাংলাদেশের পেসারদের মধ্যে গতির সঙ্গে ইয়র্কারটা সবচেয়ে ভালো পারেন তিনিই। কিন্তু প্রয়োজনের সময় কাজটা খুব কমই পেরেছেন। বরং শেষের দিকে উদার হাতে রান বিলিয়ে হারের কারণ হয়েছেন বেশ কবার। এবারের বিপিএলও বড় সাক্ষী। চট্টগ্রাম পর্বের প্রথম ম্যাচে শেষ ওভারে প্রয়োজন ছিল ৮, রুবেলের প্রথম তিন বলেই ১১ রান তুলে জেতে সিলেট। কাল ছিল দ্বিগুণ রান, পারেননি। শেষ বলে জিতে শেষ চারের আশা জিইয়ে রাখল রংপুর রাইডার্স।চট্টগ্রামের কাঠগড়ায় কাল রুবেলের সঙ্গী নাঈম ইসলামও। শেষ ওভারের প্রথম বলটি সোজাসুজি লং অফে ফিল্ডার নাঈমের হাত পিছলে কীভাবে যেন খুঁজে পায় সীমানা! পরের বলে পয়েন্টের ওপর দিয়ে ৪ ও’ব্রায়েনের। তৃতীয় বলে রান নেই, চতুর্থ বলে সিঙ্গেল। পঞ্চম বলটি সাইটস্ক্রিনে পাঠান ড্যানজা হায়াট। শেষ বল লেগ স্টাম্পে ফুলটস, জ্যামাইকান ব্যাটসম্যান পড়িমরি করে লেগবাই নেন, রংপুর জেতে ৫ উইকেটে। ৮ বলে অপরাজিত ২০, বল হাতে নিয়ে নাঈম ইসলামের উইকেট, হায়াটই ম্যাচসেরা। শেষ ওভারে ১৬ রান টি-টোয়েন্টিতে হরহামেশাই হয়। কিন্তু রুবেলের বোলিং বারবারই বলছে, অধিনায়কেরা ভরসা করলেও তাঁর আত্মবিশ্বাস নেই। কালই যেমন শেষ ওভারে কোনো ইয়র্কার বা স্লোয়ার দিতে পারেননি! অধিনায়ক ব্রেন্ডন টেলর অবশ্য রুবেলের চেয়ে বেশি দায় দিলেন বাজে ফিল্ডিংকে, ‘অনেক আন্তর্জাতিক ম্যাচ খেলা অভিজ্ঞ বোলার রুবেল। জানে শেষের ওভারে কীভাবে বোলিং করতে হয়। প্রথম বলের মিস ফিল্ডিংটাই আসলে মোমেন্টাম ওদের হাতে তুলে দিয়েছে। সব মিলিয়ে আমরা বাজে ফিল্ডিং করেছি। আবারও যদি এমন পরিস্থিতি আসে, রুবেলকেই বোলিং দেব। সেদিন নিশ্চয়ই এত বাজে ফিল্ডিং হবে না!’১৬১ রান তাড়ায় রংপুরকে ম্যাচে রাখে তৃতীয় উইকেটে ইমরুল কায়েস (৪০ বলে ৪৮) ও ক্যামেরন বোরগাসের (৪১ বলে ৪৮) ৯৬ রানের জুটি। ও’ব্রায়েন ও হায়াটের ১৪ বলে ৩৩ রানে ধরা দেয় জয়। টস হেরে ব্যাটিংয়ে নামা চিটাগং কিংস ১৬০ তুলতে পারে রায়ান টেন ডেসকাট (৩২ বলে ৫০) ও আরিফুল হকের (২০ বলে অপরাজিত ৩৩) শেষের ঝড়ে। শেষ ৫ ওভারে ৫৬ রান তোলে চিটাগং। সংক্ষিপ্ত স্কোরচিটাগং কিংস: ২০ ওভারে ১৬০/৬ (টেলর ১১, নাঈম ২৯, মিলার ১৯, ডেসকাট ৫০, মাহমুদউল্লাহ ২, আরিফুল ৩৩*, কুপার ৮, টেইট ০*; নাসির ২/২৫, রাজ্জাক ২/৩৫, হায়াট ১/২২, ও’ব্রায়েন ১/৩৬)। রংপুর রাইডার্স: ২০ ওভারে ১৬১/৫ (শামসুর ১৭, জুনায়েদ ৯, ইমরুল ৪৮, বোরগাস ৪৮, ও’ব্রায়েন ১৩*, নাসির ৪, হায়াট ২০*, টেইট ২/২৫, কুপার ২/২৭, রুবেল ১/৪২)।ফল: রংপুর রাইডার্স ৫ উইকেটে জয়ী।ম্যান অব দ্য ম্যাচ: ড্যানজা হায়াট।