আবারও শ্রীহীন খুলনার গ্যালারি

ভালো জিনিস কীভাবে নষ্ট করে ফেলতে হয়, সেটা কেউ চাইলে বিসিবির কাছ থেকে শিখতে পারে। বিসিবি অবশ্য বলতে পারে, ‘আমরা নই, এসব তো জাতীয় ক্রীড়া পরিষদের দায়িত্ব!’ হতে পারে, তাহলে তাদেরই দোষ। কিন্তু নষ্ট তো হচ্ছে বিসিবির চোখের সামনেই!
২০১৩ বিপিএলের সময় শেখ আবু নাসের স্টেডিয়ামের গ্যালারির একটা অংশ পুরোই চেয়ারশূন্য হয়ে পড়েছিল। পরে নতুন চেয়ার লাগানো হলেও মাত্র তিন বছরের মধ্যেই নষ্ট হয়ে গেছে তার প্রায় সবই। অযত্ন-অবহেলায় গ্যালারির বেশ কয়েকটি অংশের অনেক চেয়ার ভেঙে গেছে। সেগুলো তুলে ফেলার পর আবারও অর্ধেক গ্যালারি চেয়ারশূন্য। আজ থেকে শুরু জিম্বাবুয়ে সিরিজের আগে নতুন চেয়ার লাগানো দূরের কথা, বিসিবি ব্যস্ত ভাঙা চেয়ারের বিপজ্জনক অবশিষ্টাংশ সরাতে। খুব দ্রুতই যে এসব ‘জঞ্জাল’ সরিয়ে সিমেন্টের গ্যালারিতে দর্শক বসার ব্যবস্থা করা যাচ্ছে, রঙের প্রলেপে ঢেকে দেওয়া যাচ্ছে নগ্ন গ্যালারি—কর্মকর্তারা তাতেই সন্তুষ্টি খুঁজছেন।
বিসিবির গ্রাউন্ডস কমিটির ব্যবস্থাপক সৈয়দ আবদুল বাতেন বোঝাতে চাইলেন, ‘জিম্বাবুয়ে সিরিজ তো খুলনায় ছিল না। হুট করে এখানে খেলা পড়ে যাওয়ায় সমস্যা হয়েছে।’ তার মানে এত অল্প সময়ে গ্যালারির চেয়ার নষ্ট হয়ে যাওয়াটা সমস্যা নয়, জিম্বাবুয়ে সিরিজের কারণে ব্যাপারটা সবার চোখের সামনে এসে পড়াই সমস্যা! তিনি ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করলেন, ‘আসলে আমরা একসঙ্গে তিন-চারটি স্টেডিয়ামে নতুন চেয়ার বসানোর জন্য জাতীয় ক্রীড়া পরিষদকে চিঠি দিয়েছি। এর জন্য ১৫ কোটি টাকার বাজেটও নাকি হচ্ছে। সে জন্যই আর আলাদা করে এ মাঠে চেয়ার বসানো হয়নি। সব একসঙ্গে হবে।’
বিসিবির পরিচালক শেখ সোহেল কাল একটু বিব্রতই হলেন এসব প্রসঙ্গ তোলায়। খুলনার এই সংগঠক দুঃখ করে বললেন, ‘মাঠ দেখভালের দিক দিয়ে আমরা এখনো একটু দুর্বল। আমার তো এবার গ্যালারি দেখে মনটাই খারাপ হয়ে গেছে...।’ চেয়ারের মান নিয়েও প্রশ্ন আছে তাঁর, ‘এত তাড়াতাড়ি কেন চেয়ার নষ্ট হয়ে যাবে, সেটা একটা বিষয়। আমি স্পটে গিয়ে দেখেছি, চেয়ারগুলো লোহার ফ্রেমে আটকানো ছিল। সেখান থেকে উঠে গেছে। আমাদের অন্য চেয়ারগুলো কিন্তু ও রকম নয়।’ ভবিষ্যতে মান যাচাই করে চেয়ার বসানো হবে আশ্বাস দিলেন খুলনার এই ক্রিকেট কর্মকর্তা।
জিম্বাবুয়ে সিরিজে বোধ হয় দর্শকদের জন্য টিকিটের ‘মান’ যাচাইয়েরও সুযোগ রাখা উচিত ছিল। একই দামে টিকিট কিনে কেউ চেয়ারে বসে খেলা দেখবেন, আর কেউ বসবেন সিমেন্টের গ্যালারিতে, সে কেমন কথা!