আবারও শ্রেষ্ঠত্বেই চোখ থর্পের
সাঁতার শেষ করে উঠতেই দর্শকের অযুত করতালি। এরপর পোশাকটা পাল্টে বিজয়মঞ্চে ওঠা। মাইকে ততক্ষণে বেজে উঠেছে অস্ট্রেলিয়ার জাতীয় সংগীত। দর্শকদের আরেক দফা করতালি এবং তাঁর নাম ধরে হর্ষধ্বনি।সাঁতারে থাকাকালে এমন দৃশ্যের সঙ্গেই পরিচিত ছিলেন ইয়ান থর্প। পাঁচ বছর আগে হঠাৎ করেই সাঁতার থেকে বিদায় নিলেও সেসব আনন্দের মুহূর্তগুলো অস্ট্রেলিয়ার চ্যাম্পিয়ন এই সাঁতারুর ভোলার নয়। গত ফেব্রুয়ারিতে সাঁতারে ফেরার ঘোষণা দেওয়া পাঁচটি অলিম্পিক সোনাজয়ী সাঁতারু জানিয়েছেন, সাঁতারটা উপভোগই করছেন তিনি। ২০১২ লন্ডন অলিম্পিকের আগে ফিরতে চান সেরা ফর্মে। সে লক্ষ্যেই প্রস্তুতি চলছে তাঁর।কোচ গেন্নাডি তোরেস্কির অধীন প্রস্তুতি চলছে তাঁর সুইজারল্যান্ডের টেনেরোতে। কিন্তু কোচকে নিয়ে থর্প এখন মোনাকোয়। সেখানে দর্শক হিসেবে এক সাঁতার প্রতিযোগিতাও দেখলেন। এবং জানালেন সাঁতারে ফেরার রোমাঞ্চ কতটা তাঁকে ছুঁয়ে যাচ্ছে, ‘আবারও সাঁতারে ফিরতে পারা এবং একজন অ্যাথলেটের জীবন কাটাতে পারাটা সত্যিই সুখকর অভিজ্ঞতা। আমার মনে হয়, আমি ভুলেই গিয়েছিলাম, এটা উপভোগ করার অভিজ্ঞতা খুব কম লোকেরই হয়।’ ২৮ বছর বয়সী থর্প আরও যোগ করেন, ‘আবার সাঁতারে ফিরে ফিট ও স্বাস্থ্যবান হয়ে ওঠার জন্য এটা করছি, উপভোগ করছি অ্যাথলেটের অনুশীলন জীবন।’ লন্ডন অলিম্পিকের যোগ্যতামান পেতে ১০০ ও ২০০ মিটার ফ্রি-স্টাইলেই গভীর মনোযোগ দিচ্ছেন থর্প।আবারও সাঁতারেই যদি ফিরলেন, তাহলে ফর্মের তুঙ্গে থাকা অবস্থায় অবসর নিয়েছিলেন কেন? থর্পের ব্যাখ্যাটা হলো, আবার সাঁতারে ফেরার সিদ্ধান্তটা নিতান্তই আকস্মিক, কেননা এর আগ পর্যন্ত সাঁতারের শীর্ষ পর্যায়ের উত্তেজনা-রোমাঞ্চটা অনুভব করতে পারেননি, ‘এমন একটি দিনের আগে সাঁতারে ফেরার ইচ্ছাটা জাগেনি। এই দিনেই সিদ্ধান্ত নিলাম, আমি সাঁতারে নামব। এর আগে আমি ভেবেছি, এটা কেমন লাগবে। কিন্তু যখন এই সময় এটা ভাবলাম, কী কারণে আমি সাঁতরাব না, কারণগুলো যুক্তিসিদ্ধ মনে হলো না এবং প্রথমবারের মতো সিদ্ধান্ত নিলাম আমি সাঁতরাব।’‘এটা আমার দরকারই ছিল। আমি কী করতে পারি, সেটা দেখানো দরকার। ভালো করতে না পারলেও অন্তত সারা জীবন আমি বলতে পারব, চেষ্টাটা আমি করেছি’—আরও বলেছেন ‘থর্পেডো’।আপাতত লন্ডন অলিম্পিককে ‘সর্বোচ্চ পর্যায়ে ভালো করার’ শেষ সুযোগ হিসেবে দেখছেন থর্প, ‘আমি বুঝতে পারছি, এটাই আমার শেষ সুযোগ। এরপর সাঁতার চালিয়ে যাওয়ার জন্য শারীরিক সামর্থ্য আমার না-ও থাকতে পারে।’বর্তমান শারীরিক সামর্থ্যের সঙ্গে বিশ্ব সাঁতারের তাঁর আগের সেই দাপুটে সময়ের থর্পকে তুলনা করতে বললে কী বলবেন তিনি? উত্তরটা দিয়েছেন কৌশলে, ‘আমি কতটা ভালো সাঁতরাতে পারব, সেটা বলার মতো শারীরিক অবস্থায় আসিনি আমি। এ নিয়ে কাজ করছি। বছরের শেষের দিকে এমন প্রশ্নের সরাসরি উত্তর দিতে পারব।’তবে একটা ব্যাপার থর্প নিশ্চিত করে দিলেন, ‘যতক্ষণ না আমি বুঝতে পারছি, আগের চেয়ে বেশি দ্রুততায় সাঁতরাতে পারব, ততক্ষণ আমি এটা চাইব না। কাজেই আমাকে সাঁতরাতে হবে এবং অলিম্পিকে কোয়ালিফাই করার জন্য আমাকে সাঁতরাতে হবে অস্ট্রেলিয়ায় সেরা ফর্মে। এটাই আমি চাই।’ এএফপি।