আবারও সন্তান নিয়ে ঝামেলায় ম্যারাডোনা
ডিয়েগো সিনাগ্রাকে মনে আছে? ডিয়েগো ম্যারাডোনার সন্তান। যে সন্তানকে স্বীকৃতি দিতেই রাজি হননি ম্যারাডোনা। ব্যাপারটা আদালত পর্যন্ত গড়িয়েছিল। এবার তাঁর আরেক পুত্রকে নিয়েও মামলা-মোকদ্দমা হচ্ছে। এবার অবশ্য মামলাটা ম্যারাডোনা নিজেই করেছেন। সাবেক প্রেমিকা ফার্নান্দো ওজেদা আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে চার মাস বয়সী পুত্র ডিয়েগো ফার্নান্দোর ছবি টুইটারে পোস্ট করায় মামলাটি করেছেন ম্যারাডোনা।গত ফেব্রুয়ারিতে ওজেদা জন্ম দেন ডিয়েগো ফার্নান্দোর। আর্জেন্টাইন সংবাদমাধ্যমের খবর, এই সন্তান কিছুতেই চাচ্ছিলেন না ম্যারাডোনা। এ কারণেই ওজেদার সঙ্গে ছাড়াছাড়ি। এরই মধ্যে নতুন প্রেমিকাও জুটে গেছে আর্জেন্টাইন কিংবদন্তির। ২২ বছর বয়সী সেই প্রেমিকার নাম রোসিও ওলিভা।ওজেদার জন্ম দেওয়া সন্তানের পিতৃত্ব শেষ পর্যন্ত মেনে নিলেও ছেলেকে জনসমক্ষে আনার ব্যাপারে আপত্তি ছিল ম্যারাডোনার। এক বছরের জন্য আন্তর্জাতিক গণমাধ্যমে ছেলের ছবি প্রকাশ করার ব্যাপারে নিষেধাজ্ঞা জারি করেছিলেন আর্জেন্টাইন আদালত। ছেলের ‘ব্যক্তিগত গোপনীয়তা আর মর্যাদা’ রক্ষা করার জন্যই এমনটা করেছিলেন বলে গত মাসে একটি টেলিভিশন অনুষ্ঠানে জানিয়েছিলেন ম্যারাডোনা। কিন্তু সম্প্রতি সেই শর্তটিই ভঙ্গ করেছেন ওজেদা। টুইটারে পোস্ট করেছেন ছেলের ছবি। এর জন্য ইতিমধ্যেই আইনি নোটিশ পাঠানো হয়েছে ওজেদাকে। ম্যারাডোনার আইনজীবী মাটিয়াস মোরলা বলেছেন, ‘ওজেদা কোর্টের আদেশ ভঙ্গ করেছেন। অবাধ্য আচরণের অভিযোগ আনা হয়েছে তাঁর বিরুদ্ধে।’পিতৃত্ব নিয়ে ঝামেলাটা অবশ্য নতুন কিছু না ম্যারাডোনার জন্য। নাপোলিতে খেলার সময় ইতালির এক তরুণী ক্রিস্টিনা সিনাগ্রার সঙ্গে সম্পর্কে জড়িয়েছিলেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী দলের অধিনায়ক। তাঁদের প্রেমের ফসল হিসেবে জন্ম নিয়েছিলেন সিনাগ্রা। ২৬ বছর বয়সী সিনাগ্রাও এখন ফুটবল খেলেন। ইতালির অনূর্ধ্ব-১৭ দলের হয়ে অভিষেকও হয়েছিল ম্যারাডোনাপুত্রের। নিয়মিত খেলেন ইতালির বিচ ফুটবলে। সাবেক স্ত্রী ক্লদিয়া ম্যারাডোনাকে উপহার দিয়েছেন দুটো কন্যা—দালমা ও জিয়ান্নিনা।