আবারও সমতা ফিরিয়েছে পাকিস্তান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দক্ষিণ আফ্রিকা সফরের টেস্ট সিরিজে নাকানিচুবানি খেলেও ওয়ানডে সিরিজে বেশ ভালোই লড়াই চালাচ্ছে পাকিস্তান। আজ চতুর্থ ম্যাচে ৩ উইকেটের জয় দিয়ে আবারও সিরিজে ২-২ ব্যবধানে সমতা ফিরিয়েছে মিসবাহ বাহিনী। এখন ওয়ানডে সিরিজের শ্রেষ্ঠত্ব নির্ধারণ হবে সিরিজের শেষ ম্যাচে। জয়ের জন্য ২৩৫ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ইমরান ফারহাত ও অধিনায়ক মিসবাহ-উল-হকের লড়াকু ব্যাটিংয়ের সুবাদে ৮ বল হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায় পাকিস্তান। ২৩৫ রানের লক্ষ্য নিয়ে ব্যাট করতে নেমে শুরুটা ভালোভাবে করতে পারেনি পাকিস্তান। প্রথম ১১ ওভারের মধ্যে মাত্র ৩৩ রান সংগ্রহ করতেই একে একে সাজঘরে ফেরেন মোহাম্মদ হাফিজ, কামরান আকমল ও ইউনুস খান। তবে এরপর দারুণভাবে ঘুরে দাঁড়ান ওপেনার ইমরান ফারহাত ও অধিনায়ক মিসবাহ-উল-হক। চতুর্থ উইকেটে ১৫৩ রানের জুটি গড়ে দলকে জয়ের দোরগোড়ায় পৌঁছে দেন এই দুই ব্যাটসম্যান। ৪২তম ওভারে দলীয় ১৮৬ রানের মাথায় আউট হন মিসবাহ। সাজঘরে ফেরার আগে তিনি খেলেছেন ৮০ রানের চমত্কার এক অধিনায়কোচিত ইনিংস। তবে শেষ মুহূর্তে খানিকটা হতাশা নিয়ে মাঠ ছাড়তে হয়েছে ইমরান ফারহাতকে। মাত্র ৭ রানের জন্য তিনি পূর্ণ করতে পারেননি ওয়ানডে ক্যারিয়ারের দ্বিতীয় শতকটি। ১৯ রান করে শেষ পর্যন্ত অপরাজিত ছিলেন শোয়েব মালিক। দক্ষিণ আফ্রিকার পক্ষে দুটি উইকেট শিকার করেছেন রবিন পিটারসেন।এর আগে টসে জিতে ব্যাট করতে নেমে শুরুটা খুব বাজে হয় প্রোটিয়াদের। দুই পাকিস্তানি পেসার মোহাম্মদ ইরফান ও জুনায়েদ খানের দুর্দান্ত বোলিংয়ে প্রথম ১০ ওভারের মধ্যে মাত্র ৩৮ রান সংগ্রহ করতেই চারটি উইকেট হারায় স্বাগতিকরা। পঞ্চম উইকেটে ১১৫ রানের লড়াকু এক জুটি গড়ে দলকে লড়াইয়ে ফেরান এবি ডি ভিলিয়ার্স ও ডেভিড মিলার। ৩৪তম ওভারে এই জুটি ভেঙে পাকিস্তান শিবিরে স্বস্তি ফেরান সাঈদ আজমল। ৬৭ রান করে ফিরে যান মিলার। কয়েক ওভার পরে ডি ভিলিয়ার্সকেও সাজঘরমুখী করেন এই ডানহাতি অফস্পিনার। শেষ পর্যায়ে পিটারসনের অপরাজিত ২৫ ও ক্লেইনভেল্টের ১৮ রানের ইনিংস দুটির সুবাদে নিজেদের স্কোরবোর্ডকে লড়িয়ে চেহারা দেয় দক্ষিণ আফ্রিকা।