আবারও সেই দুজন!
বীরেন্দর শেবাগের আগে ক্রিকেটে ‘অর্ডিনারি’ শব্দটাকে সবচেয়ে আলোচিত করে তুলেছিলেন তাঁর বড় ভাই। ২০০৩ সালে বাংলাদেশ সফরে ইংল্যান্ডের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে সেঞ্চুরির পর নাফিস ইকবাল বলেছিলেন, ‘ইংলিশ স্পিনারস আর অর্ডিনারি।’ অ্যাশলি জাইলসরা তো বটেই, এতে হতভম্ব হয়ে গিয়েছিল ইংল্যান্ডের পুরো ক্রিকেটমহল। কাল তামিম ইকবালের দিকেও ছুটে গিয়েছিল এমন একটি প্রশ্ন, ‘ভারতের বোলারদের অর্ডিনারি ভাবেন কি না।’ তামিম ইকবাল জবাব দেননি, ব্যাটই যখন কথা বলে, মুখে বলার কী দরকার!১৮৩ বলে ১৫১, নিঃসন্দেহে কালকের নায়ক তামিমই। তাঁর ব্যাট কাল হয়ে উঠেছিল তলোয়ার, কিন্তু ভারতীয় বোলারদের কচুকাটা করার প্রায় পুরো সময়টা যিনি তামিমকে আস্থা জুগিয়ে গেলেন, সেই জুনায়েদ সিদ্দিকের কথা ভুলে গেলে চলবে কেন! বাংলাদেশ যে এখন ভারতকে আবার ব্যাট করানো থেকে মাত্রই ঢিলছোড়া দূরত্বে, কেউ কেউ আবার একটু স্বপ্নবিলাসী হয়ে বড় একটা লিড নেওয়ার কথাও ভাবছেন, তা তো এই জুটির কারণেই। তামিম যেভাবে খেলছিলেন, তাতে প্রয়োজন ছিল এমন একজনকে, যে কি না ধরে রাখবে আরেকটা প্রান্ত, এই ভরসাটা দিয়ে যাবে, ‘চালিয়ে যাও, আমি আছি।’ কাজটা কী দারুণভাবেই না করেছেন জুনায়েদ! দুজনেই নিজেদের কাজটা ঠিকঠাকভাবে করাতেই গড়ে উঠল যেকোনো জুটিতে টেস্টে বাংলাদেশের রেকর্ড পার্টনারশিপ।যুগলবন্দীর সূচনা পঞ্চম ওভারে, ১৯ রানে ইমরুল কায়েসকে হারিয়ে কালকের দিনটাও খেলতে পারবে কি না এই নিয়ে শঙ্কায় বাংলাদেশ। ৫৭তম ওভারে যখন বিচ্ছিন্ন হলেন, রান উঠে গেছে আরও ২০০। দুজনের ভূমিকাটা কেমন ছিল তা বোঝা যাবে এই পরিসংখ্যানেই—জুটিতে তামিমের রান ১৩৬, জুনায়েদের ৫৫। পুরোটা সময়ই যে দুজন এভাবে খেলে গেছেন এর প্রমাণ, প্রথম ১০০ রানে জুনায়েদের অবদান ছিল ৩১। তবে দুভাবে খেললেও দুজন আউট হয়েছেন একইভাবে, অফ স্টাম্পের বাইরের বল ডিফেন্স করতে গিয়ে।বাংলাদেশ ক্রিকেটের গতিপ্রকৃতি খেয়াল করে থাকলে অবশ্যই জানা আছে, দুজনের সখ্য এটাই প্রথম নয়। ক্যারিয়ারের শুরুটাই যে দুজনের একসূত্রে গাঁথা! দু বছর আগে এই জানুয়ারিতেই ডানেডিনে একসঙ্গে টেস্টের কঠিন আঙিনায় পা রেখেছিলেন দুজন। ছবির মতো সুন্দর ইউনিভার্সিটি ওভালে দুজনের অভিষেকটাও হয়েছিল দারুণ। দুই ইনিংসেই ফিফটি করেছিলেন তামিম, দ্বিতীয় ইনিংসে জুনায়েদ। দুজনের ১৬১ রানের জুটি ওপেনিংয়ে এখনো টিকে আছে বাংলাদেশের রেকর্ড হিসেবে। সব মিলিয়ে রেকর্ডে এই টেস্টের আগেও ছিল চারে, এখন পাঁচে। পাঁচ থেকে ছয়ে চলে গেছে যে জুটি, সেটিও কিন্তু এই দুজনেরই। ম্যাচ-পরিস্থিতিতে গত ওয়েস্ট ইন্ডিজ সফরে কিংসটাউনের ওই জুটিটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। ১৪৬ রানের জুটিটি গড়ে দিয়েছিল দেশের বাইরে বাংলাদেশের প্রথম টেস্ট জয়ের ভিত। এই তিন জুটির প্রথমটিই কেবল ওপেনিংয়ে, পরের দুটি দ্বিতীয় উইকেটে, দুবারই জুনায়েদ ব্যাট করেছেন তিনে। টেস্ট ক্রিকেটে বাংলাদেশের সেরা ছয়টি জুটির তিনটিই এখন তাঁদের, অথচ ক্রিকেটের সবচেয়ে কঠিন জগতে দুজন পা রেখেছেন মাত্রই দু বছর। বোঝাই যাচ্ছে, দুজনের মধ্যেই কিছু একটা আছে। কী সেটা অনুসন্ধান না করে বরং কীর্তিগুলোই উপভোগ করতে থাকি না!