আবারও সেই লড়াকু ইরাক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিরোপার মূল লড়াইটা তো শুরু হয় টুর্নামেন্ট নকআউট পর্বে গড়ানোর পর! তা হলে এশিয়ান কাপের সত্যিকারের উত্তেজনাটা টের পাওয়া যাবে আজ থেকেই। গ্রুপ পর্ব পেরিয়ে আজ থেকেই যে শুরু হচ্ছে কোয়ার্টার ফাইনালের লড়াই।সেমিফাইনালে ওঠার লড়াইয়ে আজই মাঠে নামবে চার দল। প্রথম কোয়ার্টার ফাইনালে ‘এ’ গ্রুপ চ্যাম্পিয়ন উজবেকিস্তানের সামনে ‘বি’ গ্রুপ রানার্সআপ জর্ডান। দ্বিতীয় কোয়ার্টার ফাইনালে ‘বি’ গ্রুপ চ্যাম্পিয়ন জাপানের মুখোমুখি ‘এ’ গ্রুপ রানার্সআপ স্বাগতিক কাতার। আগামীকাল বাকি দুটি কোয়ার্টার ফাইনালের প্রথমটিতে ‘সি’ গ্রুপ চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার প্রতিপক্ষ ইরাক। পরের ম্যাচে ‘ডি’ গ্রুপ চ্যাম্পিয়ন ইরানের বিপক্ষে মাঠে নামবে দক্ষিণ কোরিয়া।কোয়ার্টার ফাইনালের ৮ দলের ৭টি নাম নিশ্চিত হয়েছিল আগেই। বাকি টিকিট কাদের হাতে ওঠে—সেটাই ছিল দেখার। দাবিদার ছিল ‘ডি’ গ্রুপের তিন দল—ইরাক, সংযুক্ত আরব আমিরাত ও উত্তর কোরিয়া। পরশু উত্তর কোরিয়াকে ১-০ গোলে হারিয়ে শেষ দল হিসেবে বর্তমান চ্যাম্পিয়ন ইরাকই কেটেছে শেষ আটের টিকিট। ইরাকের জয়ের মধ্য দিয়েই শেষ হয়ে যায় আরব আমিরাতের স্বপ্ন। পরশু গ্রুপ পর্বের শেষ ম্যাচে ইরানের কাছে তারা হেরেই গেছে ৩-০ গোলে।টুর্নামেন্ট কোয়ার্টার ফাইনালে গড়াতে শিরোপা জয়ের হিসাব-নিকাশটা আরও বেশি করে সামনে। সৌদি আরব, ইরান ও জাপান শিরোপা জিতেছে তিনবার করে। সৌদি আরব তো এবার গ্রুপ পর্ব থেকেই বিদায় নিয়েছে। টুর্নামেন্টের একমাত্র দল হিসেবে ইরান শেষ আটে এসেছে তিনটি ম্যাচেই জিতে। ফেবারিট হয়তো অস্ট্রেলিয়া, দক্ষিণ কোরিয়াও।তবে চোখ রাখতে হবে ইরাকের দিকেও। গৃহযুদ্ধে ক্ষতবিক্ষত ইরাকিরা এতটুকু শান্তিতে নেই। অথচ ২০০৭ সালে সবাইকে চমকে দিয়ে এই ইরাকই প্রথমবারের মতো জিতে নিয়েছিল এশিয়া কাপ। ইরানের কাছে হার দিয়ে শুরু করলেও শেষ দুই ম্যাচে জিতে কোয়ার্টার ফাইনালে এসে ইরাক এবারও বুঝিয়ে দিল ফুটবল তাদের কাছে শান্তির একটা বার্তা। এএফপি।