আবারও সেই শাকিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ম্যাচটি মাত্র মিনিট তিনেক গড়িয়েছে। তখনো ঠিকমতো গুছিয়ে উঠতে পারেননি শেখ জামালের খেলোয়াড়েরা। ফেনী সকারের দুর্দান্ত এক আক্রমণ সামলাতে শেখ জামাল গোলরক্ষক মাকসুদুর জায়গা ছেড়ে বেরিয়ে এলেন। কিন্তু শূন্য কোণ থেকে নেওয়া সকারের নাইজেরিয়ান ফরোয়ার্ড অ্যান্টনির শটটিকে গোললাইন থেকে সেভ করেন ডিফেন্ডার ইয়ামিন। শেখ জামালের বড় সৌভাগ্য!লিগে এখন পর্যন্ত অপরাজিত দল শেখ জামাল। ফেনী সকারের বিপক্ষে মাঠে নামার আগে হয়তো সহজ একটা জয়ই প্রত্যাশা করেছিলেন কোচ যোশেফ আপুসি। কিন্তু মাঠের খেলায় পুরো উল্টোই দেখা গেছে। বেশ কাঠখড় পুড়িয়েই ৩ পয়েন্ট আদায় করতে হয়েছে তাদের। ৬ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে শেখ রাসেলকে টপকে সবার ওপরে উঠে এল সাবেক চ্যাম্পিয়নরা। সমান ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে দুইয়ে রাসেল। ৩ পয়েন্ট পাওয়া সকার সপ্তম স্থানে। শেখ জামালকে সকার গোলবঞ্চিত করে রাখে ৭৭ মিনিট পর্যন্ত। তবে শেষ ১২ মিনিটে হয়েছে তিন গোল। ৭৮ মিনিটে সানডের ক্রস থেকে ওতোজারেরির প্লেসিং শটে প্রথমে এগিয়ে যায় শেখ জামাল। ৮৬ মিনিটে সকারকে সমতায় ফেরান ভিক্টর অ্যান্টনি (১-১)। পয়েন্ট খোয়ানোর শঙ্কাই তখন ঘিরে ধরেছে শেখ জামালকে। কিন্তু ৮৮ মিনিটে ত্রাতা হয়ে আসেন শাকিল। আলমগীর রানার বাড়িয়ে দেওয়া বলে বাঁ পায়ের ভলিতে জয়সূচক গোলটি করেন আগের ম্যাচের নায়ক। আগের ম্যাচে শাকিলের দুর্দান্ত পারফরম্যান্সেই আরামবাগকে হারায় শেখ জামাল। দলটির প্রাণভোমরাই যেন হয়ে উঠেছেন এমিলির সহোদর।তিন পয়েন্ট নিতে পেরে যেন স্বস্তির নিঃশ্বাস ফেললেন শেখ জামালের কোচ আপুসি, ‘এখানে বড়-ছোট বলে কোনো দল নেই। ফেনীকে হালকাভাবে নিইনি, ওরা যথেষ্ট ভালো খেলেছে। ৯০ মিনিট শেষে ৩ পয়েন্ট পেয়েছি, এটাই আসল।’ ফেনীর কোচ মাহমুদুল হকের যেন অভিযোগের শেষ নেই, ‘তিন মিনিটের মাথায় ভিক্টরির ওই শট গোললাইন অতিক্রম করে। কিন্তু রেফারি সেটা দেয়নি। আমার দাবি—খেলোয়াড়, কোচের মতো রেফারিও বিদেশি আনা হোক।’