আবারও সেরা সেনাবাহিনী-আনসার
১৯৮৬ সালে ফাইনালে প্রথম বিমানবাহিনীর মুখোমুখি হয়ে শিরোপা জিতেছিল সেনাবাহিনী। তারপর নয়বার চ্যাম্পিয়ন হয়েছে সেনাবাহিনী। কিন্তু বিমানবাহিনী ফাইনালেই উঠতে পারেনি। ২৫ বছর পর এবার আবার পুরুষ ভলিবলের ফাইনালে ওঠা বিমানবাহিনীকে খালি হাতে ফেরাল সেই সেনাবাহিনী। পল্টন ভলিবল স্টেডিয়ামে কাল তাদের ৩-০ সেটে হারিয়ে শিরোপা ধরে রাখল তারা। আর বিজেএমসিকে একই ব্যবধানে হারিয়ে মহিলা বিভাগে শিরোপা জয়ের হ্যাটট্রিক করল আনসার ও ভিডিপি। পুরুষ ভলিবল মানেই সেনাবাহিনীর দাপট। ১৯৭৩ থেকে শুরু হওয়া প্রতিযোগিতার দ্বাদশ শিরোপা ঘরে তুলল তারা কাল। মহিলা বিভাগে একসময় আধিপত্য ছিল খুলনা জেলার। মাঝখানে বিজেএমসি কিছুদিন মাথা তুলে দাঁড়ালেও কয়েক বছর থেকে আনসারেরই আধিপত্য। ১৯৭৯ সালের পর থেকে এটি আনসারের পঞ্চম শিরোপা জয়।কাল ছেলেদের প্রথম সেটে (২৯-২৭ পয়েন্ট) হাড্ডাহাড্ডি লড়াইয়ে সেনাবাহিনী জিতলেও পরের দুই সেট অসহায় আত্মসমর্পণ করেছে বিমানবাহিনী (২৫-১৬, ২৫-১৫)। এত কাছাকাছি এসেও শিরোপা জিততে না পারায় হতাশা ছুঁয়ে গেছে বিমানবাহিনী দলকে। দলনায়ক তারিকুল ইসলাম বললেন, ‘খুবই খারাপ লাগছে। আমরা গত কয়েক ম্যাচের মতো স্বাভাবিক খেলাটা খেলতে পারিনি।’ ওদিকে শিরোপা ধরে রাখতে পেরে উচ্ছ্বসিত সেনাবাহিনীর সহ-অধিনায়ক ল্যান্স করপোরাল রফিকুল ইসলাম, ‘খুবই ভালো লাগছে!’ দুই দলের সমর্থকেরাই জমিয়ে রেখেছিল গ্যালারি। দলীয় পতাকা উড়িয়ে, উচ্চ স্বরে চিৎকার করে সমানে সমর্থন দিয়ে গেছে। ম্যাচ শেষ হতেই চ্যাম্পিয়ন সেনাবাহিনীর খেলোয়াড়েরা দিয়েছেন ‘ল্যাপ অব অনার’।প্রতিযোগিতার পুরুষ বিভাগে সেরা খেলোয়াড় সেনাবাহিনীর মনিরুল ইসলাম, মহিলাদের সেরা আনসারের নাদিয়া পারভীন। ছেলেদের সেরা ব্লকার বিমানবাহিনীর সাইদুর রহমান ও মেয়েদের বিজেএমসির সিব্বি খানম। সেরা ডিফেন্ডার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ফয়সাল আহমেদ ও বিজেএমসির ইয়াসমিন আক্তার। খেলা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন বেসরকারি টেলিভিশন চ্যানেল এটিএন বাংলার উপদেষ্টা (প্রোগ্রাম) নওয়াজীশ আলী খান।