আবারও স্পিনের লড়াই?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
উপভোগটাই তাঁদের ক্রিকেট-দর্শন। অনুশীলনে ব্রাভো-রাসেলরা এমন উচ্ছলই তো থাকবেন। খোশমেজাজে ছিলেন দিলশানরাও। সেমিফাইনালের আগে কাল মিরপুরে শেষলগ্নের প্রস্তুতিতে দুই দল । শামসুল হক
উপভোগটাই তাঁদের ক্রিকেট-দর্শন। অনুশীলনে ব্রাভো-রাসেলরা এমন উচ্ছলই তো থাকবেন। খোশমেজাজে ছিলেন দিলশানরাও। সেমিফাইনালের আগে কাল মিরপুরে শেষলগ্নের প্রস্তুতিতে দুই দল । শামসুল হক

কয়েক দশক আগে ক্লাইভ লয়েড কিংবা ভিভ রিচার্ডসকে কেউ এমন একটা দৃশ্য কল্পনা করতে বললে নির্ঘাত হেসে উড়িয়ে দিতেন। ওয়েস্ট ইন্ডিজের হয়ে বোলিং ওপেন করবেন একজন স্পিনার! ফাস্ট বোলার নন, স্পিনাররাই হয়ে উঠবেন তাদের প্রধান বোলিং অস্ত্র! অ্যান্ডি রবার্টস, জোয়েল গার্নার, ম্যালকম মার্শাল আর মাইকেল হোল্ডিংদের দলের অধিনায়ক হয়ে এ কি ভাবা সম্ভব? অকল্পনীয় ছিল এমনকি অ্যামব্রোস-ওয়ালশদের সময়েও। কিন্তু যুগে যুগে কল্পনাকেও হার মানানো সব বিস্ময় উপহার দিয়ে এসেছে বলেই না এর নাম ক্রিকেট। লয়েড-রিচার্ডস-লারা-ওয়ালশদের দলে যেটা অকল্পনীয় ছিল ড্যারেন স্যামির দলে সেটাই বিস্ময়কর বাস্তব। আর বাস্তব বলেই এই ওয়েস্ট ইন্ডিজের বোলিং ওপেন করতে বল হাতে নিচ্ছেন স্যামুয়েল বদ্রি। সেমিফাইনালে এই ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হওয়ার আগে শ্রীলঙ্কান ব্যাটসম্যানদের প্রশ্ন শুনতে হচ্ছে—ক্যারিবীয় স্পিনারদের মুখোমুখি হতে আপনারা কতটা প্রস্তুত?

ছবি: শামসুল হক
ছবি: শামসুল হক

উল্টোটাই তো হওয়ার কথা ছিল। ক্রিকেট-বিশ্বকে বৈচিত্র্যময় সব স্পিনার উপহার দেওয়ার কৃতিত্ব তো আসলে বেশি শ্রীলঙ্কারই। সেই মুরালিধরন থেকে শুরু করে হালের মেন্ডিস, সেনানায়েকে কিংবা হেরাথরা। চামিন্ডা ভাসকে বাদ দিলে শ্রীলঙ্কান ক্রিকেটের বোলিং ইতিহাসের বড় অংশটাই স্পিনারদের গল্পগাথা। অন্য যেকোনো টুর্নামেন্টের মতো এই টি-টোয়েন্টি বিশ্বকাপেও তাদের স্পিনারদেরই জ্বলে ওঠার কথা ছিল বেশি। পেরেরা, সেনানায়েকে, মেন্ডিসরা সেটা করতে পারেননি—তা বলা যাচ্ছে না। তবে এই বিশ্বকাপে তাঁদেরকেও ছাড়িয়ে ওয়েস্ট ইন্ডিয়ান স্পিনাররা। উইকেটপ্রাপ্তির দিক থেকে হোক কিংবা রান আটকে রাখার ক্ষেত্রে, এই টুর্নামেন্টে নারাইন-বদ্রিদের পারফরম্যান্সের সঙ্গে তুলনীয় হতে পারে কেবল ভারতের মিশ্র-অশ্বিনদের পারফরম্যান্স। পাকিস্তানের বিপক্ষে সুপার টেনের শেষ ম্যাচটা যখন অঘোষিত ‘কোয়ার্টার ফাইনাল’ হয়ে গেল, মনে করা হয়েছিল এবার হয়তো দুই দলের স্পিনারদের একটা জমজমাট লড়াই হবে। কিন্তু সেই লড়াইয়ে আজমল-হাফিজ আর আফ্রিদিদের রীতিমতো বিশাল ব্যবধানে হারিয়েছেন নারাইন-বদ্রিরা। দুই ওয়েস্ট ইন্ডিয়ান স্পিনারকে খেলতে রীতিমতো গলদঘর্ম হয়েছেন পাকিস্তানিরা। ফলাফল, বিশাল ব্যবধানে পাকিস্তানকে হারিয়ে আজ শ্রীলঙ্কার সামনে ওয়েস্ট ইন্ডিজ। পাকিস্তানের সঙ্গে সুপার টেনের ওই ম্যাচের মতোই সেমিফাইনালেও আরেকটা স্পিন দ্বৈরথ হবে বলে ধরে নিচ্ছেন অনেকে।

সুনীল নারাইন ও সাচিত্রা সেনানায়েকে
সুনীল নারাইন ও সাচিত্রা সেনানায়েকে

এই বিশ্বকাপের পরিসংখ্যানে ওয়েস্ট ইন্ডিজের স্পিনাররাই যে এগিয়ে, এতে কোনো সন্দেহ নেই। চার ম্যাচে ১০ উইকেট নিয়ে বদ্রি তার সতীর্থ নারাইনকে পেছনে ফেলে উঠে এসেছেন টি-টোয়েন্টির বোলারদের র‌্যাঙ্কিংয়ের এক নম্বরে। উইকেটপ্রাপ্তিতে (৬ উইকেট) পিছিয়ে থাকলেও ওভারপিছু রানে আবার নারাইন (৪.৫০) বেশ এগিয়ে বদ্রির (৬.৫২) চেয়ে। দুই ওয়েস্ট ইন্ডিয়ান স্পিনার যেন নিজেরাই নিজেদের প্রতিদ্বন্দ্বী!
চট্টগ্রামের উইকেট ঢাকার মতো এতটা ‘স্পিনস্বর্গ’ হয়ে ওঠেনি বলেই হয়তো নারাইন-বদ্রিদের মতো ঈর্ষণীয় পরিসংখ্যান নয় সেনানায়েকে কিংবা মেন্ডিসের। আগের ৪ ম্যাচ থেকে সেনানায়েকে ৫.০ ইকোনমিতে পেয়েছেন ৪ উইকেট। তাঁর চেয়ে একটি কম ম্যাচ খেলে ১০.২৮ ইকোনমিতে ৪ উইকেট মেন্ডিসেরও। তবে যেকোনো দিন শ্রীলঙ্কার যেকোনো স্পিনারই যে নির্দয় ঘাতক হয়ে উঠতে পারেন তার প্রমাণ, নিউজিল্যান্ডের বিপক্ষে সুযোগ পেয়েই রঙ্গনা হেরাথের মাত্র ৩ রানে ৫ উইকেট নিয়ে ম্যাচ জেতানো পারফরম্যান্স। শ্রীলঙ্কা দুই স্পিনার খেলালে আজ সেনানায়েকের সঙ্গী হবেন তিনি। তবে খেলাটা মিরপুরে বলেই হয়তো তিনজন স্পিনার নিয়েও মাঠে নামতে পারে দিনেশ চান্ডিমালের দল। সে ক্ষেত্রে একাদশে ফিরবেন মেন্ডিসও।
ঘূর্ণিজাদুর মঞ্চায়ন দেখতে তো প্রস্তুত মিরপুরও।

টি-টোয়েন্টিতে
শ্রীলঙ্কা-উইন্ডিজ
২০২
সবচেয়ে বেশি রান মাহেলা জয়াবর্ধনের
৯৮*
সর্বোচ্চ ইনিংসও মাহেলা জয়াবর্ধনের
১৩
সবচেয়ে বেশি উইকেট অজন্তা মেন্ডিসের
১৬৬
টি-টোয়েন্টি বিশ্বকাপের সবচেয়ে বড় জুটি, সাঙ্গাকারা-জয়াবর্ধনের, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষেই ২০১০ সালে।