
এমন কাদা মাঠে খেলার অভিজ্ঞতা হয়তো এই প্রথম। বলে প্রথম পা ছোঁয়াতে গিয়েই তাই ধপাস! মাঠের চারপাশে উৎসাহী দর্শকের মাঝে হাসির রোল। গা ঝেড়ে দাঁড়িয়ে হাসলেন তিনিও। তবে দমে না গিয়ে দুই দল কিশোরের সঙ্গে শুরু করলেন দৌড়ঝাঁপ। দুর্দান্ত এক হেডে গোল করা ‘সতীর্থ’ লিমনের কাছে দৌড়ে গিয়ে হাই ফাইভ করলেন। দারুণ এক ভলিতে গোল করা মাসুদকে জড়িয়ে ধরলেন। তাঁর ক্রসে বার ছুঁয়ে যাওয়া এক হেড করা আরেকজনের পিঠ চাপড়ে দিলেন। কিশোরেরা বল তাঁকে খুব একটা বেশি দেয়নি। তবে এর মধ্যেই দু-একটি ছোঁয়ায় চেনালেন নিজের জাত।
নব্বইয়ের দশকজুড়ে যিনি ছিলেন ম্যানচেস্টার ইউনাইটেডের রক্ষণভরসা, যেসব দৃশ্য নিয়মিত ছিল ওল্ড ট্র্যাফোর্ড, অ্যানফিল্ড বা স্ট্যামফোর্ড ব্রিজে, সেই ডেনিস আরউইন কাল তা দেখালেন ঢাকায়! বসুন্ধরা আবাসিক এলাকায় ইন্টারন্যাশনাল স্কুল ঢাকায় (আইএসডি) খেললেন দুই দল কিশোরের সঙ্গে। দূরের এক তারাকে আবারও হাতের নাগালে নিয়ে এল এয়ারটেল। মুঠোফোন সেবা প্রদানকারী প্রতিষ্ঠানটি আবারও শুরু করতে যাচ্ছে কিশোর ফুটবলারদের স্বপ্নপূরণের মাধ্যম ‘এয়ারটেল রাইর্জিং স্টারস’। ইউনাইটেড কিংবদন্তি ও ক্লাবের সর্বকালের সেরা ডিফেন্ডারদের একজন আরউইন এসেছেন এয়ারটেল রাইজিং স্টারস ২০১৩ শুরুর আনুষ্ঠানিক ঘোষণা দিতে। এ বছরের স্লোগান—‘যেখানে গড়ে ওঠে ফুটবল স্টার।’ গত বছর প্রথম আয়োজনের অংশ হতে এসেছিলেন ব্রায়ান রবসন, ডুইট ইয়র্ক ও কুইন্টন ফরচুন।
গত বছর ৬১ হাজার কিশোর ফুটবলার থেকে ১২ জনকে বাছাই করে ম্যানচেস্টার ইউনাইটেডে পাঠানো হয়েছিল। কাল বিকেলে আইএসডি মাঠের ম্যাচে একপক্ষে ছিল ওই কিশোরদের দল, আরেক পাশে আইএসডি দল। দুই অর্ধে দুই দলের হয়ে খেলেছেন আরউইন। এয়ারটেল রাইজিং স্টারস ২০১৩ শুরুর আনুষ্ঠানিক ঘোষণা এসেছে অবশ্য এর আগেই। দুপুরে রাজধানীর একটি হোটেলে, ছোট্ট কিন্তু আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানে। হোটেলের ছোট্ট হলরুমেই কনফেত্তি উড়ল, বাজনা বাজল। ‘এয়ারটেল রাইজিং স্টারস’ নামাঙ্কিত ইউনাইটেডের জার্সি উন্মোচন করলেন আরউইন এবং এয়ারটেল বাংলাদেশের প্রধান নির্বাহী ও ব্যবস্থাপনা পরিচালক ক্রিস টবিট।
গত বছরের মতো এবারও সারা দেশ থেকে বাছাই করা হবে অনূর্ধ্ব-১৬ বছরের ১২ জনকে। বাছাই-প্রক্রিয়াটা এবার একটু ভিন্ন। অংশগ্রহণে ইচ্ছুকদের এবার নিবন্ধন করতে হবে নিজ নিজ স্কুলের মাধ্যমে। ১ থেকে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত চলবে নিবন্ধন। দেশের সব জেলাকে ২৪টি কেন্দ্রে ভাগ করা হবে। একটি জেলা দলসহ প্রতিটি কেন্দ্র থেকে নির্বাচিত করা হবে ২৪টি দল। কেন্দ্রেই হবে নকআউট টুর্নামেন্ট। প্রতিটি কেন্দ্র থেকে পাঁচজন করে খেলোয়াড় বাছাই করবেন বাফুফের কোচরা। ২৪টি কেন্দ্র থেকে বাছাই করা ১২০ জনকে বিকেএসপিতে প্রশিক্ষণ দেবেন ইউনাইটেড থেকে আসা কোচরা। এদের মধ্য থেকে চূড়ান্তভাবে বাছাই করা ১২ জনকে এক সপ্তাহের জন্য পাঠানো হবে ম্যানচেস্টারে। সেখানে তারা অনুশীলন করবে ইউনাইটেডের একাডেমিতে, প্রশিক্ষণ নেবে একাডেমির কোচদের কাছে, ওল্ড ট্রাফোর্ডে বসে দেখবে ইংলিশ প্রিমিয়ার লিগে ইউনাইটেডের একটি ম্যাচ।

কার্যক্রম উদ্বোধন করে এয়ারটেলের প্রধান নির্বাহী টবিট বললেন, ‘গত বছর ১২ জন কিশোরকে ম্যানচেস্টার ইউনাইটেড ক্লাবে গিয়ে খেলার সুযোগ করে দিতে পেরে আমরা গর্বিত। এবার আমাদের উৎসাহ আরও বেশি। আমরা বিশ্বাস করি, বাংলাদেশে অজস্র ফুটবল-প্রতিভা আছে। এয়ারটেল রাইজিং স্টারসের মাধ্যমে আমরা ভবিষ্যৎ জাতীয় দলের খেলোয়াড় খুঁজে বের করতে পারব।’ আরউইন মনে করিয়ে দিলেন সুযোগটা কত বিশাল, ‘ছেলেদের জন্য এটা অসাধারণ একটা সুযোগ। ম্যানচেস্টার ইউনাইটেডে যাওয়া, একাডেমিতে প্রশিক্ষণ নেওয়া, ওল্ড ট্রাফোর্ডে যাওয়া, ওরা সম্ভবত ইউনাইটেড আর কিউপিআরের ম্যাচটাও দেখবে মাঠে বসে...দারুণ সব অভিজ্ঞতা হবে। গতবার ৬১ হাজার প্রতিযোগীর মধ্য থেকে ১২ জনকে বাছাই করে ইউনাইটেডে পাঠানো হয়েছিল, সংখ্যাটাই বোঝায় এয়ারটেল অনেক পরিশ্রম ও একাগ্রতায় কাজটি করেছে।’
অভিজ্ঞতাটা হবে সারা জীবন লালন করার মতো, সেই সুযোগ নিতে এবারও লড়াইটা দারুণ হবে নিশ্চিত!: