আবারও স্বপ্নভঙ্গের বেদনা
ম্যাচ শুরু সন্ধ্যা সাড়ে সাতটায়। কিন্তু বিশৃঙ্খলা এড়াতে প্রেমাদাসা স্টেডিয়ামের অনেকটা দূর থেকে পুলিশ রাস্তা ঘিরে রেখেছিল দুপুর থেকেই। মানুষের তাতে কিছু যায়-আসেনি! উৎসবের প্রস্তুতিই চলছিল কলম্বোয়। রাস্তার পাশে বিশাল সব সাউন্ডবক্সে কান ফাটানো শব্দে বাজছিল বাইলা থেকে ওয়েস্টার্ন পপ—সবকিছুই। বুড়ো থেকে শিশু, গানের তালে নাচছিল সবাই। রাস্তার পাশের শীতল পানীয়র দোকান, পপকর্নের দোকান, সব বয়সী মানুষের মুখ রাঙানো ছিল নীল-হলুদে। আর রাস্তার দুই ধার, বাড়ির ব্যালকনি, জানালা, দোকানপাট—গোটা শহর ছেয়ে গিয়েছিল শ্রীলঙ্কার পতাকায়। এসব ছিল আসলে ‘ওয়ার্মআপ’, আসল উৎসব তোলা ছিল রাতের জন্য। ফাইনাল শেষের ঘণ্টা খানেক পর সবকিছুতেই গভীর হতাশার ছাপ। দুপুর-সন্ধ্যার উৎসবমুখর রাস্তাগুলোয় শ্মশানের নীরবতা। সিংহলী ভাষায় ‘শ্রীলঙ্কার জয়’ লেখা ফ্ল্যাপগুলো তখনো ঝুলছিল ল্যাম্পপোস্টের দিকে। সেগুলো সরানোর বা সেদিকে তাকানোর আগ্রহও কারও ছিল না। সারা রাত উৎসব করে সকালের সূর্য দেখার প্রত্যাশা ছিল লঙ্কাবাসীর। কিন্তু সোমবারের সকালটা এল বিষাদ নিয়ে।ব্রিজটাউন, লর্ডস, ওয়াংখেড়ে আর প্রেমাদাসা—গত পাঁচ বছরে চারটি বিশ্বকাপের ফাইনালে হারল শ্রীলঙ্কা। কিন্তু পরশুর হারটি যেন ছাপিয়ে যাচ্ছে আগের সব ব্যর্থতাকেই। দেশের মাটিতে বিশ্বকাপ শিরোপা জয়ের সুযোগ তো প্রতিদিনই আসে না! জয়াবর্ধনে-সাঙ্গাকারা-দিলশানরা আরও কিছুদিন খেলবেন, হয়তো ২০১৪ টি-টোয়েন্টি বা ২০১৫ ওয়ানডে বিশ্বকাপ জিতবেন। কিন্তু দেশের মাটিতে, নিজেদের দর্শকের সামনে ট্রফি জয়ের সুযোগ তো ক্যারিয়ারে আর পাবে না লঙ্কান ক্রিকেটের এই সোনালি প্রজন্ম।ফাইনালের পরই টি-টোয়েন্টি নেতৃত্ব ছেড়ে দেওয়া জয়াবর্ধনে হতাশাটা লুকাননি, ‘এই কষ্টের কোনো সীমা নেই। হতাশাটা প্রচণ্ড, কারণ সবাই চায় বিশেষ কিছু করতে। শুধু ব্যক্তিগত বা দলীয় অর্জনের খাতিরে নয়, সবাই চায় মানুষের জন্য কিছু করতে। ধারাবাহিকভাবে আমরা ভালো খেলছি কিন্তু শেষ বাধাটা পেরোতে পারছি না। ক্রিকেটার হিসেবে এটা বেদনাদায়ক। আমাদের ভাবতে হবে, কথা বলতে হবে কীভাবে এই বাধা পেরোতে পারি। এরপর আবার সামনে তাকাতে হবে, লড়ে যেতে হবে।’পরশুর আগে দুই দলের চারটি টি-টোয়েন্টিতে লঙ্কানদের ছিল শতভাগ সাফল্য। এবার প্রস্তুতি ম্যাচ ও সুপার এইটের ম্যাচে ক্যারিবীয়রা স্রেফ উড়ে গেছে, ১৩২ ও ১২৯ তাড়া করে ৯ উইকেটে জিতেছিল লঙ্কানরা। কিন্তু ফাইনাল এলেই যে নিজেদের হারিয়ে ফেলার রোগে ধরেছে লঙ্কানদের! পরশু তো অর্ধেকের বেশি সময়জুড়ে ম্যাচটা ছিল লঙ্কানদের হাতের মুঠোয়! ১১ ওভার শেষে ২ উইকেটে রান ৩৮—এ অবস্থা থেকে ম্যাচ জয়ের দৃষ্টান্ত টি-টোয়েন্টি আর আছে কি না সন্দেহ। কিন্তু হঠাৎই মারলন স্যামুয়েলসের রুদ্ররূপ, লাসিথ মালিঙ্গাকে তুলাধোনা করে ছাড়লেন। ক্যারিয়ারের সবচেয়ে বাজে বোলিং বিশ্লেষণ নিয়ে ফিরলেন মালিঙ্গা (৪-০-৫৪-০)। ২০ রানে কুলাসেকারাকে কঠিন একটি ক্যাচ দিয়েও বেঁচে গিয়েছিলেন স্যামুয়েলস, পরের ২২ বলে তোলেন ৫৮! নিজেদের ব্যর্থতা আর স্যামুয়েলসের অসাধারণ ব্যাটিং—দুইয়ে মিলেই পরাজয়, বলছেন জয়াবর্ধনে, ‘আমরা চেষ্টার কমতি রাখিনি, কিন্তু মাঝের তিন-চার ওভারে ম্যাচটা পাল্টে গেল। চাপের মাঝে ম্যাচের নিয়ন্ত্রণ রাখতে পারিনি আমরা। একটা হাফ চান্স আমরা মিস করেছি, পরের তিন ওভারে ওরা দুর্দান্ত খেলেছে। ওই বাড়তি ২০-৩০ রানই পার্থক্য গড়ে দিয়েছে। এই উইকেটে ১১০-১২০ হলে আমরা হয়তো আরও ভালোভাবে প্রতিদ্বন্দ্বিতা গড়তে পারতাম।’টি-টোয়েন্টি নেতৃত্ব ছাড়ার কথা নাকি টুর্নামেন্ট শুরুর আগেই বোর্ড ও নির্বাচকদের জানিয়ে রেখেছিলেন। সহ-অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথুসই সম্ভবত হচ্ছেন জয়াবর্ধনের উত্তরসূরি। নতুন অধিনায়ক শ্রীলঙ্কার জন্য নতুন কিছু বয়ে আনতে পারবেন কি না, বলবে শুধু সময়। আপাতত ছোট্ট দ্বীপ দেশ মোড়ানো হতাশার চাদরে! এএফপি, ওয়েবসাইট।